চাঁদাবাজির মামলায় কুমিল্লার সিটি কাউন্সিলর গ্রেফতার

কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিল্লাল হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতে চাঁদাবাজির একটি মামলায় নগরীর ছোটরা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ। ছোটরা এলাকার বাসিন্দা কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আবদুর রাজ্জাকের পুত্র সাইফুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। অ্যাড. আবদুর রাজ্জাক জানান, আমার পুত্র সাইফুল ইসলাম ব্যবসায়ী। তার নিকট প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে কাউন্সিলর বিল্লাল। চাঁদা না দেয়ায় মালামালের গাড়ি যাতে গোডাউনের নিকট না যেতে পারে সে জন্য রাস্তায় পিলার পুঁতে দেয় বিল্লাল ও তার লোকজন। এছাড়া গত বছর ছোটরা এলাকার অ্যাড. জামাল উদ্দিন চাঁদা না দেয়ায় তার বাসায় হামলা করে বিল্লাল।