মেহেরপুরে কুদ্দুস হত্যায় আসামির স্বীকারোক্তি

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যা মামলার আসামি রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। একই সাথে পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে শফিকুল পুলিশ রিমান্ডে জানায়। এদিকে শফিকুলের স্বীকারোক্তিতে পুলিশ সোমবার আমঝুপি থেকে কুদ্দুসের স্ত্রী বকুলকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেছে বলে পুলিশ জানায়। অপরদিকে শফিকুলের ৪ দিনের রিমান্ড শেষ হলেও আবারও আদালতে তার রিমান্ড আবেদন জানানো হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দুলু। গত ৩১ জুলাই মেহেরপুর সদর উপজেলার আমঝুপির মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে একটি ডোবায় ফেলে খড়কুটো দিয়ে ডেকে রাখে সন্ত্রাসীরা। ওইদিন রাতে হত্যার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের শফিকুলকে আটক করে পুলিশ। ঘটনার দুইদিন পরে সদর উপজেলার কোলার একটি বাড়ি থেকে শফিকুলের রক্তমাখা সাইকেল উদ্ধার করে পুলিশ।