গাইবান্ধায় রাকাব’র ভল্টের তালা ভেঙ্গে ডাকাতি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াহাট বাজার শাখার ভল্টের তালা ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা। গত সোমবার দিবাগত গভীর রাতে কোন এসময়ে এঘটনা ঘটেছে। রাকাব বালুয়াহাট শাখা ব্যবস্থাপক আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গতকাল মঙ্গলবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ঝাড়ুদার এসে ব্যাংকের কলাপ্সিবল গেইট ও দরজা ভাঙ্গা দেখে বিষয়টি তাকে (ব্যাংকের ব্যবস্থাপক) জানায়। খবর পেয়ে খোঁজ-খবর নিয়ে দেখেন ব্যাংকের ভল্টের তালা ভেঙ্গে ২ লাখ ৭৪ হাজার ৩শ’ ৮১ টাকা নিয়ে গেছে ডাকতারা। তিনি আরো জানান, ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৈশ প্রহরী চাঁন মিয়া ব্যাংকে ছিলেন না। গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।