ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঠেকানো যাচ্ছে না
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৯
ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। জেলার সীমান্তবর্তী ও প্রাচীন রেলওয়ে স্টেশনটি দিয়ে প্রতিদিন দুটি ট্রেন চলাচল করে। সকাল ৭টায় খুলনা মেইল ও দুপুর ২টায় আন্তঃনগর তিতুমীর ট্রেন। ট্রেন স্টেশন আসার সাথে সাথে কিছু নেশাখোর সন্ত্রাসী প্রায়ই ট্রেনের ভিতরে প্রবেশ করে যাত্রীদের মোবাইল, টাকা ও অন্যান্য মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এছাড়া চিলাহাটি রেলওয়ে স্টেশন নতুন রূপে রূপান্তরিত হওয়াতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে দেখতে আসলে ছিনতাইয়ের কবলে পড়ে। এ ব্যাপারে সৈয়দপুর থানার জি.আর.পির নিরাপত্তা সদস্যদের কাছে জানতে চাইলে তারা এ ব্যাপারে কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান।