দুর্যোগ মোকাবিলায় চাই দীর্ঘমেয়াদী উন্নয়ন
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২১:৪৩
পরামর্শ বিশেষজ্ঞদের
বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করতে দুর্যোগ-সহনীয়তা বৃদ্ধি এবং দুর্যোগ-ঝুঁকি হ্রাস-বিষয়ক কার্যক্রমের প্রাতিষ্ঠানিকীকরণের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞগণ। গতকাল ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এই গুরুত্ব আরোপ করা হয়। সভার আয়োজন করে ইউরোপিয়ান কমিশন হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড সিভিল সোসাইটি (ইকো)।
সভায় অতি দুর্যোগ-প্রবণ অঞ্চল, বিশেষ করে উপকূলীয় ও চর অঞ্চলগুলোকে ডিজাস্টার পিপেয়ারনেস ইকোর (ডিপিকো) আওতায় আনা এবং সম্পদ-নির্ভর জীবিকার ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা, দুর্যোগের পুনরাবৃত্তি ও বিস্তৃতি এবং সেগুলো থেকে সৃষ্ট ক্ষয়-ক্ষতি পূরণে দুর্যোগপূর্ণ বাংলাদেশের দীর্ঘ-মেয়াদী উন্নয়নের পরামর্শ দেয়া হয়। আরো বলা হয় প্রবৃদ্ধি ও দারিদ্র্য নিরসন এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। তাছাড়াও কর্মসূচিতে যেসব চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন সম্পর্কে ধারণা বৃদ্ধি এবং আরো বেশি এলাকা কর্মসূচির আওতায় আনা।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল ওয়াজেদসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা এবং বেসরকারি সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।