গাইবান্ধায় নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২১:৪৫
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে এক নারীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এরা হলেন— গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের মালিবাড়ি সরকারপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী তাছলিমা বেগম (৩০) ও একই উপজেলার কামারজানি ইউনিয়নের নুনগোলা গ্রামের আইতুল্যা মিয়া (৪৫)।
মঙ্গলবার বেলা তিনটার দিকে ঘটনাস্থল থেকে ৭ কি:মি: দূরে জেলার ফুলছড়ি উপজেলার বালাসিঘাট থেকে তাসলিমা বেগমের লাশটি উদ্ধার করা হয়। পরে বিকাল ৪ টার দিকে জেলা সদরের গিদারী ইউনিয়নের বাবুরিয়া ঘাট এলাকা থেকে আইতুল্যা মিয়া (৪৫) লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ অপর এক নৌযাত্রী হলেন— গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের নুনগোলা গ্রামের সোহরাব হোসেন (৫০)। গাইবান্ধার সদর থানার ওসি রাজিউর রহমান বলেন, রংপুর থেকে আসা ডুবুরী ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলে থাকা গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান জানান, বাকী নিখোঁজ একজনের সন্ধানে অভিযান অব্যাহত আছে।
সোমবার দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত চালিত একটি নৌকা দশজন যাত্রী এবং পাট নিয়ে কামারজানি বাজারের কাছাকাছি এলাকায় তীব্র স্রোতের কারণে ব্রহ্মপুত্রে ডুবে যায়। ঐদিন ৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়।