মহানগর মহিলা ক্রিকেট লিগ

ফাইনালে মোহামেডান

বৃষ্টির কারণেই প্রায় দুই মাস ধরে বন্ধ ছিল মহানগর মহিলা ক্রিকেট লিগের খেলা। অবশেষে গতকাল প্রথম সেমিফাইনাল মাঠে গড়ালো; সেখানেও বৃষ্টির বাধা! গতকাল প্রথম সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব বৃষ্টি আইনে ৯৯ রানে গুলশান ইয়ুথ ক্লাবকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার লিগের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর মুখোমুখি হবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ১৬ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে লিগ শেষ হবে। লিগের আগের পাঁচ আসরের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। এবারও ট্রফি জয়ের ঠিক দ্বারপ্রান্তে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টস জিতে আগে ব্যাট করতে নামে মোহামেডান। সাথিরা জাকিরকে সঙ্গে নিয়ে উড়ন্ত সূচনা করেন আয়শা রহমান। উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে ১০২ রান যোগ করেন তারা। এরপর রীতিমতো উইকেট পতন। পাঁচ বাউন্ডারির সাহায্যে ৪৩ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন আয়শা রহমান। খানিক ব্যবধানে উইকেট হারান অন্য ওপেনার সাথিরা জাকির। তার ব্যাট থেকে আসে ৪২ রান। শুরুটা ভালো হলেও শেষটায় সুবিধে করতে পারেনি পরের ব্যাটসম্যানরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত ৩৩ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে মোহামেডান। ডিএল ম্যাথডে গুলশানের টার্গেট দাঁড়ায় ৩০ ওভারে ১৫৯ রান। টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে গুলশানের মেয়েরা। শেষ পর্যন্ত ফাহিমা খাতুনের ২৩ রানের কল্যাণে ৫৯ রান তুলতে সমর্থ হয় গুলশান ইয়ুথ ক্লাব। মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নেন সাথিরা জাকির ও আয়শা রহমান। সংক্ষিপ্ত স্কোর : মোহামেডান-৩৩ ওভারে ১৪৬/৬ (আয়শা রহমান ৪২, সাথিরা জাকির ৪৩, সালমা খাতুন ১১, সুলতানা ইয়াসমিন ১০ ; বৃষ্টি রায় ২/৩০)। গুলশান ইয়ুথ ক্লাব-২৭.১ ৫৯/১০ (ফাহিমা খাতুন ২৩, জান্নাতুল ফেরদৌস ১৯, মাহমুদা খান ১১; সাথিরা জাকির ২/৫, আয়শা রহমান ২/৯)।