শ্রীলঙ্কার কোচ হতে আগ্রহী অ্যাডামস

ইংলিশ কোচ ক্রিস অ্যাডামস জানিয়েছেন শ্রীলঙ্কার সাথে দীর্ঘ মেয়াদে কাজ করতে চান। ইংল্যান্ডের মাঠে সাম্প্রতিক জয়ী সিরিজে লঙ্কানদের উপদেষ্টা হিসেবে কাজ করা এই কোচ জানিয়েছেন দলটির সাথে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেলে তিনি সেটিকে স্বাগত জানাবেন। অ্যাডামসের মতে শ্রীলঙ্কা দলটি হলো ‘এ যাবত্কালে তার কাজ করা সবচেয়ে সুন্দর ক’জন খেলোয়াড়।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, দলটির সঙ্গে আমার অবিশ্বাস্য সময় কেটেছে। তাই দলটির সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেলে স্বাগতম জানাবো।’ এ ব্যাপারে ইংল্যান্ডে কোনো আলাপ-আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘খুব বেশি আলাপ হয়নি।’ প্রধান কোচ পল ফারব্রেস এপ্রিল মাসে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ায় ইংল্যান্ড সফরের সময় স্বাগতিক দেশের কন্ডিশন সম্পর্কে মূল্যবান পরামর্শ পেতে শ্রীলঙ্কা দলের উপদেষ্টা হিসেবে সারের সাবেক এই কোচকে নিয়োগ দেয়া হয়। অ্যাডামস ২০০৮ সালে সারেতে কোচ হিসেবে নিয়োগ পান। কিন্তু দলটি ২০১৩ সালে বাজেভাবে কাউন্টি মৌসুম শুরু করায় এবং আগের বছরগুলোয় সাদামাটা ফলের কারণে চাকরি হারান তিনি। শ্রীলঙ্কা ঐ সফরে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের একমাত্র টি-টোয়েন্টিতে জয় পায়, ওয়ানডে সিরিজটিও জেতে ৩-২ ব্যবধানে এবং হেডিংলে টেস্টে জয় পাওয়ার আগে লর্ডসের প্রথম টেস্টটি দুর্দান্তভাবে ড্র করে। কোচ হিসেবে লঙ্কান দলের এই অর্জনে প্রথমবারের মতো টেস্ট কোচ হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা মারভান আতাপাত্তুর সাফল্যের পাশাপাশি অ্যাডামসের নামও আলোচিত হয়। প্রসঙ্গত, ১৯৯৯ সালের পর শ্রীলঙ্কা স্থানীয় কাউকেই পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়নি। কিন্তু অপ্রত্যাশিতভাবে ফারব্রেস চলে যাওয়ার পর খুব কম বিকল্পই খুঁজে পায় শ্রীলঙ্কা। এই সময়ে আতাপাত্তুকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরে সকল ঘরানার ক্রিকেটেই শ্রীলঙ্কা দলের পরিকল্পনা এবং প্রস্তুতিতে অবদান রেখেছিলেন অ্যাডামস। এই ইংলিশ ক্রিকেটার ৩৩১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪,৮০০ করেন। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটেও পাঁচটি টেস্ট ও ওয়ানডে খেলেছেন তিনি। শ্রীলঙ্কানদের কাজের নীতি-নৈতিকতায় রীতিমত বিস্মিত অ্যাডামস বলেন, ‘সমষ্টিগতভাবে সম্ভবত তারাই সবচেয়ে উত্কৃষ্টতম খেলোয়াড়দের একটি দল। এমন দলের সঙ্গে আমি এর আগে কাজ করিনি। সত্যিকার অর্থেই তারা অবিশ্বাস্য ধরনের মানুষ।’ তিনি একই সাথে প্রধান কোচ হিসেবে আতাপাত্তুর অবদানকেও প্রশংসিত করেন। এ ব্যাপারে অ্যাডামস বলেন, ‘আমি সত্যিই মারভানের সাথে কাজ করাটা উপভোগ করেছি। আমি মনে করি তিনি প্রধান কোচ হিসেবে দারুণ কাজ করেছেন যা খুবই নজর কাড়া।’ মিররস্পোর্টস