ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ফেভারিটদের

মাত্রই শেষ হওয়া রজার্স কাপে পুরুষ এবং মহিলা এককের সেরা খেলোয়াড়দের প্রায় সবাই ছিলেন ব্যর্থ। ইউএস ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টে শীর্ষ বাছাইদের মধ্যে কেবল রজার ফেদেরারই ছিলেন কিছুটা উজ্জ্বল। যদিও ফাইনালে হেরে শেষ হাসিটা হাসা হয়নি তারও। দুই এককের দুই শীর্ষ বাছাই নাভাক জোকোভিচ, সেরেনা উইলিয়ামসদের কেউ উঠতে পারেননি ফাইনালেই। তবে ২৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ একটা সুযোগ পাচ্ছেন তারা। আমেরিকার সিনসিনাটিতে ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন ওপেনে নিজেদের আত্মবিশ্বাস বিনির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। ফেভারিটদের কেউ এখনো কোর্টে না নামলেও টুর্নামেন্ট শুরু হয়ে গেছে তিন দিন আগেই। ফ্রেঞ্চ তারকা জো-উইলফ্রিড সোঙ্গার কাছে রজার্স কাপের শিরোপা হারানোর পরেও ফেদেরার আশাবাদী ইউএস ওপেনে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ফেদেরার। এই মৌসুমে দুটি শিরোপা জেতা এই সুইস ফাইনালে সোঙ্গার কাছে ৭-৫, ৭-৬ (৭/২) গেমে হেরে যান। শিরোপার এত কাছে গিয়েও হতাশ হলেও ফেদেরার নিজের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট। চলতি মৌসুমে নিজের ষষ্ঠ ফাইনালে চতুর্থবারের মতো হতাশা নিয়ে কোর্ট ছাড়া এই তারকা বলেন, ‘হার্ডকোর্টে ফিরে এসে আমার প্রথম টুর্নামেন্টে ফাইনালে খেলতে পেরে আমি দারুণ খুশী। এখানে আমি বেশ কিছু কঠিন ম্যাচ খেলেছি যা আমাকে সত্যিকার অর্থেই উপকৃত করেছে। আগামী কয়েকদিন আমাকে কি কাজ করতে হবে সেটা আমি বেশ ভালই বুঝতে পারছি। পরাজয়ের থেকে এই বিষয়গুলোই আমার বেশী কাজে লাগবে। ফাইনালে আমি আরেকটু ভাল খেলতে পারলে আরো ভাল হতো। কিন্তু বাস্তবতা হচ্ছে ম্যাচটা সত্যিই কঠিন ছিল। কিছু কিছু বিষয় আমার আরো ভাল করা উচিত ছিল। কিন্তু সবমিলিয়ে পুরো সপ্তাহটা ইতিবাচক কেটেছে। এখন ইউএস ওপেনসহ মৌসুমের বাকি সময়টার দিকে আমি তাকিয়ে আছি। সিনসিনাতি আরেকটি ভাল সুযোগ আমার জন্য, দেখা যাক আমি সেটা কাজে লাগাতে পারি কিনা।’ রজার্স কাপের ভেন্যু টরেন্টো থেকে এরই মধ্যে সিনসিনাটিতে পৌঁছে যাওয়া রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আরো বলেন, ‘এটা পরিষ্কার যে আমি এখানে কেবল বেড়াতে আসিনি। জেতার জন্যই কোর্টে নামবো আমি।’ ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফেদেরার সিনিসিনাটি মাস্টার্স খেলতে নামবেন। অন্যদিকে, জোকোভিচের সামনে থাকবে প্রথম শিরোপার লক্ষ্য। এখন পর্যন্ত সিনসিনাটিতে শিরোপা জিততে না পারা এই সার্বিয়ান রজার্স কাপে পেরোতে পারেননি তৃতীয় রাউন্ড। দুরন্ত সোঙ্গার কাছে মাত্র এক ঘন্টারও কম সময়ে সরাসরি সেটে হেরে যান তিনি। রজার ফেদেরারকে পাঁচ সেটের এক ম্যারাথনে হারিয়ে উইম্বলডনের শিরোপা জেতা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা তারকাটির আশঙ্কা, এই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোটা মোটেই সহজ হবে তার জন্য। তাই সিনসিনাটিতে আত্মবিশ্বাস অর্জনকেই মূল লক্ষ্য হিসাবে ঠিক করছেন তিনি। এই টুর্নামেন্টের চারবারের ফাইনালিস্ট এই তারকা বলেন, ‘আত্মবিশ্বাস হচ্ছে এমন একটি ব্যাপার যা পাওয়াটা খুব কঠিন। কিন্তু হারানো খুব সহজ। তবে আমি আশাবাদী এবার আমি আরেকটি ধাপ পেরোতে পারবো। তবে টরেন্টোতে (রজার্স কাপ) আমি যেমনটা চেয়েছি তেমনটা খেলা সম্ভব হয়নি। সুতরাং সামনের কয়েকটি দিনে আমাকে অনুশীলনে আরো বেশী সময় ব্যয় করতে হবে। নিজের খেলায় উন্নতির জন্য এবং টুর্নামেন্টে নিজের সম্ভাবনা বাড়াবার জন্য এর কোন বিকল্প নেই।’ এদিকে পুরুষ এককের আরেক শীর্ষ তারকা এবং টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল এখও কব্জির চোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রথম রাউন্ডে বাই পাবার পরে দ্বিতীয় রাউন্ড ফেদেরারের প্রতিপক্ষ কানাডিয়ান ভাসেক পোসপিসিল এবং অভিজ্ঞ চেক প্রজাতন্ত্রের রাদেক স্টিপানেকের মধ্যকার বিজয়ী খেলোয়াড়। সোমবার থেকে শুরু হওয়া প্রথমরাউন্ডের ম্যাচগুলোতে জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের জন ইসনার, স্প্যানিশ ১৬তম বাছাই টমি রবরেডো, ফ্রান্সের গিলেস সিমন। টুর্নামেন্টে থাকছেন মহিলা প্রতিযোগীরাও। এই এককে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন নবম বাছাই আনা ইভানোভিচ, রাশিয়ান আনাসটাসিয়া পাভলিউচেনকোভা, ড্যানিশ ১২তম বাছাই ক্যারোলিন ওজনিয়াকি এভং ১৩তম বাছাই ফ্লাভিয়া পেনেত্তা। এএফপি