অর্জুনা পুরস্কার পাচ্ছেন অশ্বিন

ভারত ক্রিকেট দলের অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন দেশটির সম্মানজনক অর্জুনা পুরস্কার পেতে যাচ্ছেন। ভারতের ৪৬তম ক্রিকেটার হিসেবে তিনি এ পুরস্কারে ভূষিত হবেন। গত বছর বিরাট কোহলি এ পুরস্কারের জন্য নির্বাচিত হন। জাতীয় ক্রীড়াঙ্গনে অনবদ্য রাখা ক্রীড়াবিদদের স্বীকৃতি দিতে ১৯৬১ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে ভারত সরকার। ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টের মধ্যদিয়ে ভারত দলের একাদশে ফেরেন অশ্বিন। তিন দিনেই ভারত টেস্টটিতে হারলেও দুই ইনিংসে যথাক্রমে ৪০ ও অপরাজিত ৪৬ করেন তিনি। যদিও ১৪ ওভার বল করে কোনো উইকেটের দেখা পাননি এ অফ-স্পিনার। সোমবার আইসিসির সর্বশেষ ঘোষিত র্যাঙ্কিংয়ে অন্যতম সেরা অল-রাউন্ডার হিসেবে ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় গত ডিসেম্বরে খেলার পর ওল্ড ট্রাফোর্ডেই প্রথম টেস্ট খেললেন অশ্বিন। এই সময়ে ভারত দল স্পিনার রবিন্দ্র জাদেজাকে বেছে নেয়ায় জায়গা হারান তিনি। গত নভেম্বরে ওয়াংখেড়েতে শচীন টেন্ডুলকারের সর্বশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার মধ্যদিয়ে মাত্র ১৮টি টেস্ট খেলে গত ৮০ বছরের মধ্যে দ্রুততম সময়ে ১০০ উইকেট অর্জনের রেকর্ড গড়েন অশ্বিন।