ভুল থেকে শিক্ষা নিয়েছি

ইকার ক্যাসিয়াস সময়টা খুব একটা ভাল যাচ্ছে না স্প্যানিশ ও রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াসের। কিন্তু বাজে এই সময়টাতে যে ভুলগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিয়েই নতুন মৌসুম শুরু করতে চান বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক। ফর্মহীনতার বাইরে আরো নানা কারণে ক্যারিয়ারে বর্তমান সময়ের চাইতেও বাজে সময় অতিবাহিত করেছেন বলেও জানান তিনি। চ্যাম্পিয়নস লীগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজের একটি ভুলের কারণে দারুণ সমালোচিত হয়েছিলেন ক্যাসিয়াস। বিশ্বকাপেও স্পেনের ভরাডুবির পিছনে তাকেই মূলত দায়ী করা হয়। কিন্তু ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেছেন। আসন্ন মৌসুমেই তিনি নিজেকে আবারো নতুন করে প্রমাণ করতে চান। এজন্য সাম্প্রতীক ভুলগুলোকে তিনি সঠিকভাবে পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ এবং স্পেনের হয়ে গত কয়েকটি ম্যাচে আমি নিজের সেরাটা দিতে পারিনি। কিন্তু বিষয়গুলো আমি খতিয়ে দেখেছি এবং তা থেকে শিক্ষা নিয়েছি। এর আগেও আমি ক্যারিয়ারে অনেক বাজে সময় কাটিয়েছি। ক্যারিয়ারে ভাল ও বাজে সময় আসতেই পারে। কিন্তু সবকিছুই ক্ষণস্থায়ী। আমিও সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। কোনকিছুই আমি কখনো গোপন করিনি, এখনো করছি না। আমি বুঝি যে রিয়াল মাদ্রিদের পক্ষে যখন কেউ মাঠে নামে তখন সবার দৃষ্টি থাকে তার উপর। ভাল বা খারাপ যেভাবেই সে খেলুক না কেন তাকে নিয়েই আলোচনা হয়। সৌভাগ্যবশত: আমার ক্ষেত্রে সবসময়ই ভাল বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। ক্লাবও আমার সাথে সবসময়ই ভাল আচরণ করেছে। এ ব্যপারে আমার কোন অভিযোগ নেই। চলতি বছর আমি আরো বেশি পরিশ্রম করে খেলতে চাই।’ ক্যাসিয়াস বলেছেন গত বছর চ্যাম্পিয়নস লীগ এবং কোপা ডেল রে’র শিরোপা জয়ের পরে কোচ কার্লো আনচেলত্তি এবার আরো বেশি শিরোপা জয়ের ব্যাপারে প্রথম থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাসিয়াসের পাশাপাশি এবার লেভান্তে থেকে অপর গোলরক্ষক কেইলর নাভাসকে দলে নিয়েছে রিয়াল। বিশ্বকাপে কোস্টারিকার হয়ে দারুণ পারফর্ম করা নাভাসকে হটিয়ে এখন মূল একাদশে জায়গা করে নেয়াই ক্যাসিয়াসের মূল চ্যালেঞ্জ। বাসস