প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক নুরুল ইসলাম আর নেই
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২২:০৯
চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক সাংবাদিক নুরুল ইসলাম (৮৮) আর নেই। গতকাল মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। নুুরুল ইসলাম ১৯২৬ সালে গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৫২ সালে ভাষা আন্দোলনে ভূমিকা রাখেন নুরুল ইসলাম। ১৯৫০ এর দশকে একটি ইংরেজি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি বাংলাদেশ রেডিও চট্টগ্রাম কেন্দ্রে, দৈনিক ইনসাফ পত্রিকা, দৈনিক পূর্বদেশ, দৈনিক অবজারভার, রাজশাহীর দৈনিক বার্তা, দৈনিক জনতা, দৈনিক সংবাদ এবং কিছুদিন দৈনিক জনকণ্ঠে কাজ করেন। এছাড়া দুইবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
নগরীর সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় আছরের পর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং নিজ গ্রামে আজ (বুধবার) সকালে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, মিরসরাই রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।