চলে গেলেন রবিন উইলিয়ামস
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২২:৪৪
অস্কারজয়ী অভিনেতা রবিন উইলিয়ামস আর নেই। গত সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ম্যারিন কাউন্টিস্থ বাসভবনে রবিনের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বিষণ্নতাজনিত কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত পুরোপুরি শেষ হওয়ার পরই কেবল এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেছে পুলিশ। রবিনের প্রকাশক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত্ই রবিন তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। আরও জানা যায়, অ্যালকোহল আসক্তি থেকে মুক্তি পেতে রবিন মাসখানেক আগে মিনেসোটায় অবস্থিত একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছিলেন।
উইলিয়ামের স্ত্রী সুজান স্নেইডার এক বিবৃতিতে বলেছেন, “আমার হূদয় ভেঙে গেছে। আমি আমার স্বামী ও সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছি, যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন এবং চমত্কার এক মানুষ। রবিনের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আমার অনুরোধ এই শোকাবহ সময়টা আমাদের একটু একান্তভাবে কাটাতে দিন। আমরা আশা করি, রবিনের মৃত্যুর বিষয়ে নয় বরং লক্ষ-কোটি মানুষকে সারাজীবন তিনি যে আনন্দ দিয়ে গেছেন, সেদিকেই সকলে দৃষ্টি দেবেন, সেভাবেই তাকে মনে রাখবেন।”
রবিনের বন্ধু হলিউডের আরেক জনপ্রিয় কৌতুক অভিনেতা স্টিভ মার্টিন বলেছেন, “রবিন উইলিয়াম ছিলেন বিস্ময়কর এক প্রতিভা, চমত্কার একজন সহশিল্পী ও বিশুদ্ধ আত্মার অধিকারী। তার মৃত্যু সংবাদ আমার জন্য বড় ধরনের আঘাত।”
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিনেতা রবিন উইলিয়ামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি বলেছেন, “রবিন উইলিয়ামস আমাদের জীবনে এসেছিলেন একজন ভিনগ্রহের প্রাণী হিসেবে (রবিনের প্রথম অভিনীত জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মর্ক এন্ড মিন্ডি’তে তার চরিত্র ছিল একজন অ্যালিয়েনের)। কিন্তু তিনি তার জীবদ্দশায় মানবাত্মার সব বৈশিষ্ট্যই স্পর্শ করে গেছেন। তিনি আমাদের হাসিয়েছেন, আমাদের কাঁদিয়েছেন।” ওবামা রবিনের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
১৯৭৮ সালে টিভি কমেডি সিরিজ ‘মর্ক এন্ড মিন্ডি’তে অনবদ্য অভিনয় করে রবিন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে কৌতুকাভিনেতা হিসেবে তার কোনো জুড়ি ছিল না। ১৯৯৭ সালে গুড উইল হান্টিং ছবিতে চমত্কার অভিনয়ের সুবাদে তিনি জিতে নেন অস্কার। এছাড়া মিসেস ডাউটফায়ার, ডেড পোয়েট সোসাইটি, গুড মর্নিং ভিয়েতনাম, আলাদিনসহ আরও বেশ কিছু ছবিতে তিনি অনন্য অভিনয়ের স্বাক্ষর রাখেন।
প্রখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ রবিন সম্পর্কে বলেছেন, “রবিন ছিল কমিক চরিত্রের এক জিনিয়াস অভিনেতা। অভিনয় জগতে বজ পাতের মতোই ছিল তার আবির্ভাব।”