সিয়েরালিওনে ইবোলা চিকিত্সায় ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২২:৪৭
প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় সিয়েরালিওনে ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ। সিয়েরালিওন সরকারের অনুরোধে বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সিয়েরালিওনের চাহিদা মোতাবেক ওষুধ পাঠাতে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক ইত্তেফাককে বলেন, সিয়েরালিওন সরকারের চাহিদা অনুযায়ী ওষুধ পাঠানোর প্রস্তুতি চলছে। সিয়েরালিওনে বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের মাধ্যমে ওষুধ পাঠানো হবে। এর মধ্যে এন্টিবায়োটিক, প্যারাসিটামল, ব্যথানাশক ট্যাবলেট, ওরস্যালাইনসহ বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেখানে অসামান্য অবদান রেখে চলেছে। স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা তৈরি করে দিয়েছে মিশন। এরই স্বীকৃতিস্বরূপ সিয়েরালিওন সরকার বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণা করে।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ সকল বিমান বন্দর, নৌ বন্দর ও সীমান্ত পথে ইবোলা ভাইরাস প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এসব জায়গায় মেডিক্যাল টিম কার্যক্রম শুরু করে দিয়েছে। চলছে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা।
সিলেট অফিস জানায়,
বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মেডিক্যাল টিম কার্যক্রম শুরু করেছে। এছাড়া সিলেটের তিনটি স্থল বন্দরেও বসানো হয়েছে পৃথক বিশেষ মেডিক্যাল টিম। গতকাল বিমানবন্দর কর্মকর্তাদের ইবোলা ভাইরাস সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. আজহারুল ইসলাম জানান, তাত্ক্ষণিকভাবে সিলেট বক্ষব্যাধী হাসপাতালের ৩ শয্যা বিশিষ্ট একটি কক্ষকে ইবোলা রোগীদের চিকিত্সায় বরাদ্দ দেয়া হয়েছে।
বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, বেনাপোল বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চার সদস্যের একটি মেডিক্যাল টিম যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোল চেকপোস্ট এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।