এআরএফ বৈঠক

যুক্তরাষ্ট্র, ভারত, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আলীর সাক্ষাত্

মিয়ানমারের নেপিডোতে আসিয়ান রিজোনাল ফোরামের (এআরএফ) বৈঠকের সাইডলাইনে গত রবিবার যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক পৃথক সাক্ষাত্ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এক অনানুষ্ঠানিক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফরে আসার জন্য তার আগ্রহের কথা মাহমুদ আলীর কাছে ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ-চীনের মধ্যে চমত্কার সম্পর্ক বিরাজ করায় সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে সফল বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার-অর্থনৈতিক সহযোগিতা (বিসিআইএম) নিয়ে আলোচনা হয়।