ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের সমর্থন
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২২:৫৫
ইরাকের নতুন প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাদির সঙ্গে কথা বলেছেন এবং তাকে দ্রুত একটি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তবে ইরাকের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এ নিয়োগের কঠোর সমালোচনা করে বলেছেন, এটি স্পষ্টতই দেশের সংবিধানের লঙ্ঘন। এদিকে, ইরাকের উত্তরে ইসলামিক স্টেট সদস্যদের মোকাবেলায় কুর্দি যোদ্ধাদের সমর্থনে সেখানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
বারাক ওবামা ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে হায়দার আল-আবাদির নিয়োগকে দেশটির সামপ্রতিক সংকট উত্তরণে একটি কার্যকর পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইরাক একটি কঠিন সময় পার করছে এবং দেশটির বিবদমান রাজনৈতিক দলগুলোর উচিত এর সমাধানে একত্রে কাজ করা। ওবামা বলেছেন, নতুন নেতৃত্বকে একটি কঠিন দায়িত্ব পালন করতে হবে। আর সেটি হলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে দেশটিতে একটি ঐক্যমতের সরকার গঠন করে নাগরিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স, ইরান ও তুরস্ক আবাদির নিয়োগকে স্বাগত জানিয়েছে।
এর আগে সোমবার ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ আল-মাসুম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিকে বাদ দিয়ে পার্লামেন্টের ডেপুটি স্পিকার আবাদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে তাকে সরকার গঠনের আহ্বান জানান। দেশটির শিয়া দলগুলো প্রধানমন্ত্রী পদে আবাদির মনোনয়নকে সমর্থন দিয়েছে। এদিকে মনোনীত হবার পরপরই আবাদি জঙ্গি ইসলামিক ষ্টেট সদস্যদের মোকাবেলায় দেশটির নাগরিকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরাকের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো দেশটিতে জঙ্গিদের চালানো বর্বরোচিত ও নৃশংস হামলা প্রতিহত করতে সমর্থ হবে এবং ইরাকের মানুষেরা বসবাসের জন্য একটি ভালো পরিবেশ পাবে বলে তিনি বিশ্বাস করেন। মালিকি ২০০৬ সাল থেকে ইরাকের প্রধানমন্ত্রী থাকলেও দেশটির পার্লামেন্ট তৃতীয় মেয়াদে তার ক্ষমতা গ্রহণকে সমর্থন করেনি।