দেশের এই ক্ষতি কোনদিন পূরণ হবার নয়

১৫ আগস্ট শুধু বাংলাদেশের ইতিহাসেই না, পৃথিবীর ও সভ্যতার ইতিহাসে একটি অত্যন্ত নিকৃষ্ট হত্যাকাণ্ডের দিন। কারণ এ হত্যাকাণ্ডের মাধ্যমে শুধু যে একজন ব্যক্তিই নিহত হয়েছেন তা নয়, নিহত হয়েছেন একটি দেশের স্থপতি ও প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। যিনি জাতির জনক হিসাবে অভিহিত। এই দেশের যে মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জনগণের জন্য সম্পদের সুষম বন্টন, শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াই এবং আত্মপরিচয়ে উঁচু করে বাঁচার স্বপ্ন বাস্তবায়িত করবার সমস্ত শক্তির আঁধার ছিলেন তিনি। সেই মানুষটিকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা তাকে হত্যা করেছে তারাই বাংলাদেশকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে ধাবিত করছে। এই হত্যাকাণ্ডের মধ্যদিয়েই ’৭১-এর যুদ্ধাপরাধী এবং তাদের দালালরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করে নিজেদের অবস্থান পুনঃস্থাপিত করার প্রয়াস নিয়েছিল। সেই কারণেই ১৫ আগস্ট বাংলাদেশের জনমানুষের জন্য একটি অত্যন্ত শোকাবহ দিন। এই দিনে বাংলাদেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কোনদিন পূরণ হবার নয়। [লেখক: মানবাধিকার নেত্রী]