বাংলাদেশিদের জন্য হজ্বের নীতিমালা শিথিল

শর্তসাপেক্ষে সৌদি সরকার বাংলাদেশিদের জন্য হজ্বের নীতিমালা শিথিল করেছে। অঙ্গীকারনামা পূরণ করেই বাংলাদেশিরা হজ্ব করতে পারবেন। গত সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত দু’দেশের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশে প্রাপ্ত খবরে এ তথ্য জানা গেছে। চলতি বছর হজ্বের সব ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে হবে বলে সৌদি সরকার ঘোষণা দেয়ার পর বাংলাদেশি হাজীদের সমস্যার কথা বিবেচনা করে ধর্মপ্রতিমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান সৌদি ধর্মমন্ত্রী ড. বন্দর বিন হাজ্জাজের সাথে বৈঠক করেন। এতে বাংলাদেশি হাজীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের শর্ত শিথিল করা হয়। এদিকে আগামী ২৭ আগস্ট হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে। সমপ্রতি সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ্ব ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভাশেষে ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, এবার মোট ৯৮ হাজার ৭৬২ যাত্রী হজ্বে যাচ্ছেন। এরমধ্যে এক হাজার ৬শ’ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।