টেকনাফে বনের জমি দখলমুক্ত হওয়ার পর ফের দখল

টেকনাফের বাহারছড়ায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার দখল করা বন বিভাগের ১৫ একর জমি গতকাল মঙ্গলবার দখল মুক্ত করে প্রশাসন। তবে প্রশাসনের লোকেরা চলে যাওয়ার দুই ঘন্টার মধ্যে ঐ নেতার লোকেরা পুনরায় জমিটি দখলে করে নেয়। প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার শীলখালী রেঞ্জের আওতাধীন শীলখালী বিটের হলবনিয়া সংরক্ষিত বনের প্রায় ১৫ একর ভূমি অবৈধভাবে দখল করে বসতি গড়ে তোলে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা গতকাল সকালে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার সেলিনা কাজীর নেতৃত্বে শতাধিক পুলিশ ও বনকর্মী অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে। সেখানে দুই হাজার আকাশমনি গাছের চারা রোপণ করা হয়। এ সময় অভিযান পরিচালনাকারীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় দখলকারীরা। পুলিশ ধাওয়া করলে তারা তখন পাহাড়ের দিকে পালিয়ে যায়। অভিযান পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে চলে আসার পর জমিটি আবারও দখল করে নেয় ঐ নেতার লোকজন। খোরশেদ আলম জানান, ১৯৯৭ সালে ওই বনের জমি আমাদের দখলে ছিল। ২০০৩ সালে বিএনপি ক্ষমতা আসার পরে ঐ দলের এক নেতা তা দখল করে। আর এখন আমাদের ক্ষমতা, তাই দখল করেছি। টেকনাফ উপজেলা সহকারি কমিশনার ভূমি সেলিনা কাজী জানান, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বনভূমি দখল করে ঝুঁপড়ি নির্মাণ করে। এগুলো ভেঙ্গে দেয়া হয়েছে। ওই জমি ২০০৩-০৪ সালে সামাজিক বনায়নের অংশীদারদের দায়িত্বে দেয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দখলকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।