হিন্দি সিরিয়ালের প্রিয়মুখ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২০:১৬
স্টার প্লাস চ্যানেলের দর্শকপ্রিয় সিরিয়াল ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’র ঈশিতা চরিত্রে প্রাণবন্ত অভিনয়ের সুবাদে সাম্প্রতিক সময়ে ছোটপর্দার সবচেয়ে প্রিয় মুখে পরিণত হয়েছেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি। হালে স্টার পরিবার অ্যাওয়ার্ডসহ আরও কয়েকটি প্রেস্টিজিয়াস টিভি অ্যাওয়ার্ডে দর্শকদের ভোটে ছোটপর্দার পছন্দের নারীমুখ, জনপ্রিয় পর্দা জুটি, জনপ্রিয় ইন্টারন্যাশনাল জুটি, জনপ্রিয় নতুন সদস্য প্রভৃতি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন দিব্যাঙ্কা। ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ সিরিয়ালের ঈশিতা চরিত্রটি তাকে বিপুল জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন পুরস্কার অর্জনের সক্ষমতা এনে দিয়েছে। এক তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে ঈশিতা আয়ার। পেশায় ডেন্টাল সার্জন। ছোটবেলায় অসুস্থতার কারণে মাতৃত্বের ক্ষমতা হারায় সে। যে কারণে প্রেমিক তার সঙ্গে সম্পর্ক চুকিয়ে অন্য মেয়েকে বিয়ে করে। তেমন বেদনাদায়ক স্মৃতি বয়ে বেড়ানো ঈশিতাকে বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। ছোট শিশুদের ভীষণ পছন্দ করে সে। ছোট-বড় সাবর সঙ্গে তার চমত্কার মিষ্টি ভদ্র ব্যবহার আশপাশের সবার কাছে তাকে প্রিয় করে তুলেছে। পাঞ্জাবি ভাল্লা পরিবারের তরুণ ব্যবসায়ী রামন ও তার পরিবার ঈশিতাদের প্রতিবেশী। রামনের বউ তাকে ছেড়ে চলে গেছে। অন্য পুরুষের সঙ্গে ঘর করছে। রামনের মেয়ে রুহির সঙ্গে ঈশিতার দারুণভাব জমে যায় অল্প দিনেই। রুহি ঈশিতার মাাঝে তার মাকে খুঁজে পায় যেন। রুহিকে ভীষণ ভালোবাসে ঈশিতা। আর এভাবেই বদরাগী, অভদ্র, কঠিন স্বভাবের রামনের সঙ্গে ঈশিতা জড়িয়ে পড়ে নতুন সম্পর্কে। তাদের বিয়ের পর দাম্পত্যজীবন ঘটতে থাকে ছোট-বড় নানা নাটকীয় ঘটনা। এভাবেই এগিয়ে চলেছে জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’র কাহিনী। এই সিরিয়ালের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঈশিতা চরিত্রটি। মিষ্টি স্বভাবের ভদ্র নম্র তরুণী গৃহবধু ঈশিতা চরিত্রটি এখন ঘরে ঘরে ভীষণ প্রিয় উঠেছে। আর ঈশিতার প্রাত্যাহিক জীবনের আনন্দ বেদনা হাসি কান্নার গল্প দেখার জন্য সব দর্শক উদগ্রীব হয়ে থাকেন। তারা নিয়মিতভাবে ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ সিরিয়ালটি দেখছেন এখন স্রেফ ঈশিতার জন্য। আর এ চরিত্রটিকে সবার কাছে দারুণ গ্রহণযোগ্য এবং জীবন্ত করে তুলেছেন দিব্যাঙ্কা ত্রিপাঠি তার সহজ সাবলীল অনবদ্য অভিনয়গুণে।
দিব্যাঙ্কা এর আগে জিটিভির ‘বান্নো ম্যায় তেরি দুলহান’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিলেন। ওই সিরিয়ালে তাকে বিদ্যা ও দিব্যা চরিত্রে দেখা গেছে। ২০০৬ সালে ‘বান্নো ম্যায় তেরি দুলহান’ বছরের সেরা হিন্দি সিরিয়াল হিসেবে বিবেচিত হয়েছিল। ওই সিরিয়ালটি তাকে তখনই ছোটপর্দার সুপারস্টারে পরিণত করেছিল। এরপরে আরও কিছু সিরিয়ালে তাকে দেখা গেলেও সেগুলো তেমন উল্লেখযোগ্য ছিল না। তবে এবার ইয়ে হ্যায় মোহাব্বাতে’ সিরিয়ালের ঈশিতা চরিত্রে রূপদান করে অতীতের সব সাফল্য ও কৃতিত্বকে অতিক্রম করেছেন দিব্যাঙ্কা।
২৯ বছর বয়সী দিব্যাঙ্কা ভূপালের মেয়ে। ২০০৫ এ মিস ভূপাল সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা জিতেছিলেন তিনি। এরপর মডেলিং করেছেন। পর্বতারোহনের ওপর কোর্স করেছেন তিনি। এ ছাড়া রাইফেল শুটিংয়ে স্বর্ণপদক বিজয়ীও। ভূপালের রাইফেল একাডেমির এক্সিকিউটিব অফিসারও ছিলেন দিব্যাঙ্কা। ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ সিরিয়ালে একজন বিবাহিতা নারীর চরিত্রে রূপদান করলেও এখন বিয়ের পিঁড়িতে বসা হয়নি তার। তবে অচিরেই বিয়ের পাঠ চুকিয়ে ফেরতে চান ছোটপর্দার সবচেয়ে প্রিয় মুখ সুন্দরী মেধাবী এই অভিনেত্রী। ‘বান্নো ম্যায় তেরি দুলহান’ সিরিয়ালে তার সহশিল্পী অভিনেতা শারদ মালহোত্রার সঙ্গে দীর্ঘ সাত বছর ধরে প্রেম চললেও তারা কেউ এতদিন স্বীকার করেননি। সম্প্রতি দিব্যাঙ্কা এবং তার প্রেমিক শারদ উভয়েই তাদের ভালোবাসার সম্পর্কের কথা স্বীকার করেছেন।