ওল্ড ট্রাফোর্ডে নিষিদ্ধ হলো ট্যাবলেট পিসি, ল্যাপটপ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২০:৩০
ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ চলাকালে এখন থেকে আর কেউ ট্যাবলেট পিসি কিংবা ল্যাপটপ নিয়ে আসতে পারবে না। নিরাপত্তার খাতিরেই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার পুলিশ এই সিদ্ধান্তের সাথে জড়িত নয় বলে জানিয়েছে। নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে ম্যানইউ জানিয়েছে, আইপ্যাড মিনি থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন আকৃতির ট্যাবলেট পিসি এবং ল্যাপটপ বহন করতে পারবে না দর্শকরা। তবে স্মার্টফোন বহনে নেই কোনো নিষেধাজ্ঞা। সেক্ষেত্রেও স্মার্টফোনটি হতে হবে ৬ ইঞ্চির মধ্যে। ফুটবল দলটির একজন মুখপাত্র জানিয়েছেন, সরকারি এক পরামর্শের কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা। দর্শকদের ম্যাচ ভিডিও করা সংক্রান্ত কোনো কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়নি জানিয়ে ম্যানইউ জানিয়েছে, মূলত নিরাপত্তা বিবেচনাতেই তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।