অনেকে আমার নামের সাথে অনুষ্ঠানের নাম মিলিয়ে মজা করে \
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৬
খন্দকার ইসমাইলের গ্রন্থনা ও সঞ্চালনায় আজ এটিএন বাংলায় প্রচার হবে ‘স্মাইল শো’। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১১টায়। অনুষ্ঠান এবং সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে
এটিএন বাংলায় দীর্ঘদিন ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’র সঞ্চালক আপনি। তো এই অনুষ্ঠান করার পরিকল্পনা কিভাবে এলো?
আমি বিটিভিতে বহুরূপী নামের একটি অনুষ্ঠান করতাম। ওই অনুষ্ঠান করার সময়ই মনে হলো ভিন্নধর্মী কিছু করা যায় কিনা যেখানে দর্শককে বিনোদন দেওয়ার একটা চেষ্টা থাকবে, সমাজ সচেতনমূলক কিছু বিষয় থাকবে। সমাজের অসঙ্গতি নানা কৌতুকের মাধ্যমে তুলে ধরা হবে। এসব চিন্তা থেকেই ‘স্মাইল শো’ করা। আর এটিএন বাংলাও অনুষ্ঠানটিতে আগ্রহ দেখালো।
উপস্থাপনা মানে অনেকটা একটা অনুষ্ঠানকে গতি এনে দেওয়া। একজন ভালো উপস্থাপক একাই পারেন তার অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের দেশের উপস্থাপকদের কিভাবে মূল্যায়ন করবেন?
আমি তো বেশ ভালোই বলব। নতুন যারা উপস্থাপনা করছে তারা যথেষ্ট ভালো করছে। আগে শুধু বিটিভি ছিল। এখন তো অনেক চ্যানেল। অনুষ্ঠানও অনেক। তাই প্রতিযোগিতাও আগের থেকে অনেক বেশি। এই প্রতিযোগিতার মধ্যেও আমাদের দেশের উপস্থাপকেরা ভালো করছেন।
একজন দক্ষ উপস্থাপক তার অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। যেমন হানিফ সংকেত মানেই ‘ইত্যাদি’। মীর মানেই ‘মীরাক্কেল’। খন্দকার ইসমাইল কতটা ‘স্মাইল শো’ হতে পেরেছেন?
এই প্রশ্নের উত্তর আমার অনুষ্ঠানের দর্শকেরাই ভালো দিতে পারবে। অনেকে আমার নামের সাথে অনুষ্ঠানের নাম মিলিয়ে মজা করে বলে আমার নামের থেকে এই অনুষ্ঠানের নামের উত্পত্তি। এ মন্তব্য ও সাড়া থেকেই আসলে বুঝে নিতে হবে যে খন্দকার ইসমাইল কতটা ‘স্মাইল শো’ হতে পেরেছেন।
আজকের ‘স্মাইল শো’ নিয়ে শুনতে চাই।
ইচ্ছা করেই এবারের ঈদের হট্টগোলে আমি আমার শোটি করিনি। ঈদের পর দর্শকদের জন্য বিশেষ কিছু উপাত্ত নিয়েই এবারের শোটি সাজিয়েছি। আশা করি আমার দর্শকেরা আগে যেমন নিরাশ হননি এবারেও হবেন না।