জিআরই পরীক্ষার প্রস্তুতি অনলাইনে
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৮
যুক্তরাষ্ট্র এবং কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করতে চাইলে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন বা জিআরই পরীক্ষায় ভালো স্কোর পেতে হয়। আমাদের দেশ থেকে এখন অনেক শিক্ষার্থীই প্রতিবছর জিআরই পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন। ৬৫ বছর ধরে চলে আসা এই পরীক্ষায় ভালো করার জন্য দীর্ঘ সময়ের প্রস্তুতি প্রয়োজন। বর্তমানে অনলাইনে বিভিন্ন সাইটে গিয়েও এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে। এখানে জিআরই পরীক্ষার জন্য বিনামূল্যে কিছু অনলাইন রিসোর্সের খবর তুলে ধরা হলো।
ইটিএস পাওয়ারপ্রেপ টেস্ট
জিআরই পরীক্ষার প্রবর্তক এবং তত্ত্বাবধায়ক সংস্থার নাম এডুকেশনাল টেস্টিং সার্ভিস (ইটিএস)। এই পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে তাদের বিনামূল্যের সফটওয়্যার ইটিএস পাওয়ারপ্রেপ। এই সফটওয়্যারের মাধ্যমে জিআরই পরীক্ষার প্রস্তুতির বড় একটি অংশই সম্পন্ন করা সম্ভব। http://goo.gl/nV98kD লিংকে গিয়ে ডাউনলোড করে নেওয়া যাবে এই সফটওয়্যার।
কুইজলেট
জিআরই পরীক্ষার বিভিন্ন অংশকে হাইলাইট করে কুইজলেট ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ। http://quizlet.com/subject/gre লিংক থেকেই এসব পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ম্যানহাটন জিআরই প্র্যাকটিস টেস্ট
জিআরই প্রস্তুতির জন্য ম্যানহ্যাটন অত্যন্ত সমৃদ্ধ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকেই আপনি জিআরই পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিতে পারবেন এবং নিজেকে যাচাই করার জন্য পরীক্ষাতেও অংশ নিতে পারবেন। ওয়েবলিংক :www.manhattanprep.com।
খান একাডেমি
অনলাইন শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচনকারী উদ্যোগ খান একাডেমিতেও রয়েছে জিআরই বিষয়ে প্রচুর টিউটোরিয়াল। এসব টিউটোরিয়ালও আপনাকে ঝালিয়ে নিতে সাহায্য করবে। খান একাডেমির ওয়েব ঠিকানা www.khanacademy.org।