দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পুতিন-সিসি মতৈক্য
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২১:৪২
রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র সোচিতে এক বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ।
দ্বিপক্ষীয় এ বৈঠকে দু’দেশের অর্থনীতিকে গতিশীল করার বিষয়টি প্রাধান্য পায়। এছাড়া গাজা পরিস্থিতি ও সিরিয়া, ইরাক ও লিবিয়ার মতো আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকের পর এক বিবৃতিতে সিসি বলেন, মিসর-রাশিয়ার সম্পর্ক এমন একটি বিষয় যা তারা উভয়েই এগিয়ে নিতে চান বলে বিশ্বাস করেন তিনি। তিনি বলেন, ৩০ জুনের বিপ্লবের পর মিসরীয় জনগণের সম্মতিতে নেয়া গুরুত্বপূর্ণ রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে মিসর। সময় বিবেচনায় সফরটি তাই গুরুত্বপূর্ণ। পুতিন বলেছেন, চলতি বছর রাশিয়া মিসরে ৫৫ লাখ টন গম সরবরাহ করবে। মিসর ইতিমধ্যেই আমাদের বাজারে সরবরাহ (কৃষিপণ্য) ৩০ শতাংশ বাড়িয়েছে এবং নিকট ভবিষ্যতে আরো ৩০ শতাংশ বাড়াতে প্রস্তুত আছে। দেশ দুটি জ্বালানি খাতেও সহযোগিতা বৃদ্ধি করছে। পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া ও মিশর জ্বালানি তেলের ক্ষেত্রে প্রধান দুই পক্ষ এবং রাশিয়ার জ্বালানি কোম্পানি মিশরের বাজারে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।