ভাঙনের হুমকিতে শরণখোলার বাজার ও লোকালয়
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২১:৪৭
বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালীর ভাঙন দ্রুত অগ্রসর হচ্ছে বাজার ও লোকালয়ের দিকে। নতুন করে আরো প্রায় ১০০ মিটার জায়গা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ফলে ব্যবসায়ী ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। যে কোনো সময় বাজারটি সম্পূর্ণ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। দোকানপাট সরিয়ে নিচ্ছে অনেকেই। মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসডি) মো. নূরুল ইসলাম মিয়া ও পাউবোর শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আলতাফ হোসেন ভাঙন এলাকা পরিদর্শন করেন। এছাড়া, শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও সাউথখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। তবে ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও প্রশাসনের কোনো কর্মকর্তা ভাঙন এলাকায় যাননি বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন। এদিকে বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বহু পরিবার। আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে।
পাউবো’র এসডি মো. নূরুল ইসলাম মিয়া জানান, ভাঙনের গতি ভয়াবহ। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে প্লান তৈরি করে ইস্টিমেট করা হবে। পাউবো’র অনেক জমি খালি পড়ে আছে, সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্রয় নিতে বলা হয়েছে।
শরণখোলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম জানান, ভাঙনের বিষয়ে এ পর্যন্ত কেউ তাকে অবহিত করেনি। এখন খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।