ছাতকে পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে ওসিসহ আহত ১১

ছাতকে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে ওসিসহ ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে পাইপগান, ককটেলসহ প্রচুর দেশীয় অস্ত্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরমহল¬া ইউনিয়নের জাউয়া-ছাতক সড়কের রাঙ্গাডিঙ্গা ও ভূলাখালি ব্রিজের মধ্যবর্তী স্থানে। আহত পুলিশ সদস্যদের ছাতক হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, একাধিক ডাকাতি মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার ইলিয়াস আলী ওরফে ইলাছকে (২৮) সোমবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতার করতে ছাতক থানার ওসি শাহজালাল মুন্সির নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালানো হয়। পুলিশ ভূলাখালি ব্রিজের নিকট পৌঁছালে ডাকাত ইল¬াছকে ছিনিয়ে নিতে তার সহযোগী ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে ডাকাত ইলাছ আহত হয়। তাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইল¬াছ চরমহল¬া ইউনিয়নের সেওতরচর গ্রামের ছোয়াব আলীর পুত্র। ওসি শাহজালাল মুন্সি জানান, ডাকাত ইল¬াছের বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে ৩১ রাউন্ড গুলি ছুঁড়েছে ডাকাতরা এবং পুলিশও ২১ রাউন্ড পাল্টা গুলি চালায়।