ইনচিয়ন এশিয়ান গেমস
নয়টি খেলার ৫৯ জন বাদ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২১:৫৫
গ্লাসগো কমনওয়েলথ গেমস ব্যর্থতার কারণে এশিয়ান গেমস থেকে ৯টি খেলা ছেটে ফেলা হয়েছে। ছাটাইকৃত খেলার কোচ, কর্মকর্তা, ক্রীড়াবিদসহ ৫৯ জনও দক্ষিণ কোরিয়ায় এশিয়ন গেমসে যেতে পারছেন না। গতকাল বিওএ’র বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
ইনচিয়ন এশিয়ান গেমসে ২১টি খেলায় ২২২ জনের অংশগ্রহণ করার কথা ছিল। সম্প্রতি কমনওয়েলথ গেমস ব্যর্থতার কারণে বিওএ কন্টিনজেন্টের আকার কমিয়ে আনার কথা জানায়। বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ২১টি খেলায় অংশগ্রহণ করা হবে না। দলের আকার কমিয়ে আনা হবে। মঙ্গলবারের মুলতবী সভা কাল শেষ হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে সাঁতার, অ্যাথলেটিকস, সাইক্লিং, জিমন্যাস্টিকস, ভারত্তোলন, কুস্তি, ব্যাডমিন্টন, টেবিলটেনিস এবং বক্সিং এশিয়ান গেমসে যেতে পারবে না। অনুমোদন হয়েছে ফুটবল, ক্রিকেট, শ্যুটিং, হকি, আরচ্যারি, কাবাডি, ফেন্সিং, কারাতে, উশু, গলফ, তায়কোয়ানডো, বীচ ভলিবল।