নেপালের বিরুদ্ধে ম্যাচ হবে ঢাকায়
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২১:৫৫
এশিয়ান গেমস ফুটবলে যাওয়ার আগে বিদেশি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন কিনা এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। আপাতত একটা দুশ্চিন্তা কমেছে তার। নেপালের সাথে ম্যাচের ব্যবস্থা করতে পেরেছে বাফুফে। নেপালের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ঢাকায় এসে ম্যাচ খেলার প্রস্তাবে সাড়া দিয়েছে। আগামী ২৫ এবং ২৮ আগস্ট ঢাকায় নেপাল দুটি ম্যাচ খেলতে চায়। কিন্তু দুটি ম্যাচ খেলতে গেলে প্রায় সাত থেকে আট লাখ টাকার প্রয়োজন। এই খরচটা আপাতত করবে কিনা সেটা ভেবে দেখছে বাফুফে। কারণ নেপালের অলিম্পিক ফুটবল দলকে ঢাকায় আনতে হলে সব খরচ দিয়ে আনতে হবে। দুই ম্যাচ খেললে নেপালকে ছয় থেকে সাতদিন অবস্থান করতে হবে। যার সব ব্যয় বহন করতে হবে বাফুফেকে। একই দলের সাথে দুটি ম্যাচ খেললে ভালো হবে নাকি দ্বিতীয় কোনো ফুটবল দলের সাথে আরেকটি ম্যাচ খেলা ভালো হবে। সেটাও ভাবছে বাফুফে। তবে তার আগে নেপালকে জানিয়ে দিতে হবে বাংলাদেশ ২৫ ও ২৭ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে কিনা। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, নেপালের দলটি ঢাকায় আসলে ১টি ম্যাচ হবে, সেটা নিশ্চিত। হয়তো দুটি ম্যাচই হয়ে যেতে পারে। তবে সেটা নির্ভর করছে কোচ ক্রুইফের উপর। নেপালের ফুটবল দলটিও এশিয়ান গেমসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ফুটবল দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আজ
বিকেএসপিতে অনুশীলনরত অনূর্ধ্ব-২৩ ফুটবল দল আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। আর্মি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে সেনাবাহিনীর ফুটবল দল। বিকাল সাড়ে ৪টায় ম্যাচ। যুব ফুটবল দল এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাফুফে একাদশের বিরুদ্ধে। বিকেএসপিতে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।