সাবেক সভাপতির হুমকিতে যশোর চেম্বারের কোষাধ্যক্ষের মৃত্যু

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শহিদুল ইসলাম মিলনের হুমকির পর হূদরোগে আক্রান্ত হয়ে কোষাধ্যক্ষ শামীম উদ্দিন (৬০) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা তিনটার দিকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শহিদুল ইসলাম মিলন। ঘটনাস্থলে থাকা শহরের ঢাকা রোডের ব্যবসায়ী মোহাম্মদ গুলজার জানান, বুধবার বেলা ১২টার দিকে শহিদুল ইসলাম মিলন চার পাঁচজন যুবক নিয়ে শহরের জেল রোডের যশোর চেম্বার অব কমার্স কার্যালয়ে যান। তিনি চেম্বারের কোষাধ্যক্ষ শামীম উদ্দিনকে তার সময়ের একটি চেক নিয়ে মামলা হওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেন এবং তার সঙ্গীরা জামার কলার ধরে তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনার পরপরই শামীম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা তিনটার দিকে তিনি মারা যান। হাসপাতালের করোনারী বিভাগের চিকিত্সক ফজলুল হক খালিদ জানান, এখানে আনার পর ইসিজি করে দেখা হয়েছে তার হার্টে তেমন কোন সমস্যা ছিল না। তবে মানসিকভাবে আঘাত পাবার পর তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সাবেক সভাপতি শহিদুল ইসলাম মিলন মোবাইল ফোনে দাবি করেছেন শামীমকে হুমকি দেয়া হয়নি। বাথরুমে পড়ে গিয়ে শামীম উদ্দিন মারা গেছেন বলে শুনেছি। অন্যদিকে যশোর চেম্বারের বর্তমান সভাপতি মিজানুর রহমান খান দাবি করেন, শামীম উদ্দিনকে লাঞ্ছিত করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। যোগাযোগ করা হলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তারা চলে আসার পর ঘটনাটি ঘটে। এ বিষয়ে কোষাধ্যক্ষ শামীমের পরিবারের পক্ষ থেকেও তার কাছে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে লাশের ময়না তদন্ত করে পদক্ষেপ নেয়া হবে।