রাজশাহী বোর্ডে এবারো সেরাদের সেরা রাজশাহী কলেজ
আনিসুজ্জামান, রাজশাহী অফিস
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২৩:০০
এবারো রাজশাহী শিক্ষাবোর্ডের সেরাদের সেরা হয়েছে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ। গতবারের ন্যায় এবারো রাজশাহী শিক্ষাবোর্ডের সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এ কলেজ। এবার রাজশাহী কলেজ থেকে ৫৮৭ জন শিক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫১০ জন। গতবছর ৫৯৯ শিক্ষার্থীর মধ্যে ৫৯৪ জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছিল ৪৩৪ জন। এবার রাজশাহী কলেজ থেকে বিজ্ঞান শাখার তিনশ’ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৯২ জন। মানবিক বিভাগ থেকে ১৪২ জনের সকলে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১১ জন। ব্যবসায় শিক্ষা শাখার ১৪৫ শিক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। এই কলেজ থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন বলেন, ব্যতিক্রমী শিক্ষা পদ্ধতি এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও শতভাগ ক্লাসের ব্যবস্থার কারণে এই সাফল্য। ভালো ফলাফলের জন্য কলেজের শিক্ষকদের আন্তরিকতা ও পাঠদানের ব্যাকুলতার প্রতি কৃতজ্ঞতা জানান এই শিক্ষার্থী।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেছেন, ‘রাজশাহী কলেজের ১৪১ বছরের ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল হয়েছে এবারই। এই সাফল্য কলেজের শিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের আন্তরিকতার ফসল। নানা বাধা সত্ত্বেও শতভাগ ক্লাসের ব্যবস্থা ও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয়নি।