আসছে নতুন প্রজন্মের ইউএসবি ইন্টারফেস

নতুন প্রজন্মের ইউএসবি ইন্টারফেসের ডিজাইন নিয়ে কাজ শুরু হয়েছিল অনেকদিন আগেই। এতদিনে এসে তথ্য স্থানান্তরের জনপ্রিয়তম এই প্রযুক্তির নতুন প্রজন্ম ডিজাইনের কাজ সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ইউএসবি ডিভাইসগুলোকে ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত করার জন্য একটি নির্দিষ্ট দিকে প্রবেশ করানো লাগত। তবে নতুন প্রজন্মের ইউএসবি ইন্টারফেস ব্যবহার করে কোনো ডিভাইসকে ইউএসবি পোর্টে যেকোনো দিকেই প্রবেশ করিয়ে সংযুক্ত করা যাবে। ইউএসবি টাইপ-সি কোড নামের এই সিস্টেমের ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পন্ন হওয়ায় এর ব্যবহার কেবল সময়ের ব্যাপার বলেই জানিয়েছে ইউএসবি ৩.০ প্রোমোটার গ্রুপ। এই গ্রুপের সদস্যদের মধ্যে রয়েছে এইচপি, ইন্টেল, মাইক্রোসফট, রেনেসাঁ, এসটিমাইক্রোইলেক্ট্রনিক্স এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টস। তাদের উদ্ভাবিত নতুন ডিজাইনের অনুমোদন দিয়েছে ইউএসবি ইমপ্লিমেন্টেশন ফোরাম। নতুন ইউএসবি ইন্টারফেস সম্পর্কে ইউএসবি ৩.০ প্রোমোটার গ্রুপের চেয়ারম্যান ব্র্যাড সন্ডারস জানিয়েছেন, বিশ্বসেরা সব প্রতিষ্ঠানের মিলিত প্রচেষ্টায় উদ্ভাবিত এই প্রযুক্তি আগের তুলনায় অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। বর্তমানের মাইক্রোইউএসবি পোর্টের আকৃতির প্রায় সমান হবে নতুন টাইপ-সি ইউএসবি। আর এতে তথ্য স্থানান্তরের গতি পাওয়া যাবে সর্বোচ্চ ১০ গিগাবিট পার সেকেন্ড। এটি অনেকটাই অ্যাপলের লাইটনিং ক্যাবলের মতোই কাজ করবে।