নতুন ফিল্ডিং কোচ হ্যালসল

রুয়ান কালপাগের ভূমিকায় যে পরিবর্তন আসছে, এটা তিনি বাংলাদেশে পা রাখার আগেই বোঝা গিয়েছিল। ফিল্ডিং কোচ হিসেবে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেও তাকে করে দেয়া হয়েছে স্পিন কোচ। ফলে বাংলাদেশ জাতীয় দলের জন্য নতুন করে স্পিন কোচ নয়, খোঁজা হচ্ছিল ফিল্ডিং কোচই। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো, সে খোঁজাখুঁজির পালাও শেষ। জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেছেন খ্যাতনামা রিচার্ড হ্যালসল। ইংল্যান্ড জাতীয় দলের সদ্য সাবেক এই সহকারী কোচ বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই কাজ শুরু করছেন। আপাতত তিনি এক মাসের চুক্তি করছেন বলে জানিয়েছে বিসিবি। তবে সূত্রের খবর এই যে, ইতিমধ্যে ইংল্যান্ডের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় এই একমাস পরে বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি করবেন। বর্তমানে ইংল্যান্ডে স্থায়ী জিম্বাবুইয়ান বংশোদ্ভূত হ্যালসল পেশাগত জীবনে অত্যন্ত সফল মানুষই বলতে হবে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সাসেক্সের ফিল্ডিং কোচ ছিলেন। ২০০৭ সাল থেকে ইংল্যান্ড জাতীয় দলে একই দায়িত্ব পালন করছিলেন। ২০১১ সাল থেকে অবশ্য সেখানে প্রমোশন পেয়ে সহকারী কোচ হয়ে যান। হ্যালসল বাংলাদেশ দলে এই নতুন ভূমিকায় যোগ দেয়ায় এ সপ্তাহেই বাংলাদেশে আসা রুয়ান কালপাগের ভূমিকা বদলে যাওয়াটা নিশ্চিত হলো। কালপাগেই শুরুতে ফিল্ডিং কোচ হবেন বলে কথা ছিল। কিন্তু তার সতীর্থ উইজাতুঙ্গে পিয়াল স্পিন কোচ হিসেবে না আসায় অফস্পিনার কালপাগে হয়ে গেছেন স্পিন কোচ। যদিও শোনা গিয়েছিল কালপাগে সহকারী কোচ হবেন। কিন্তু বিসিবি নিশ্চিত করেছে তিনি শুধুই স্পিন কোচ থাকছেন। সহকারী কোচ স্থানীয় কাউকে নিয়োগ দেয়া হবে। এবার অপেক্ষা শুধু জাতীয় দলের নতুন ফিজিও দেখার।