উত্তরাধিকার সূত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা জরুরি
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২১:৪৮
কর্মশালায় অভিমত
নারীকে ভাই-স্বামীসহ অনেক নিকট আত্নীয়র সাথে পূর্বপুরুষের সম্পতিতে অধিকার প্রতিষ্ঠায় যুদ্ধ করতে হয়। পরিস্থিতি এমন যে, যুদ্ধ করার ন্যূনতম ক্ষমতাও নারীর থাকে না। এই পরিস্থিতি শুধু নিম্নবিত্তে নয় শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ায় গবেষণায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে উত্তরাধিকার সূত্রে নারীর অধিকার নামে মাত্র নেই। গতকাল নগরীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন সংশ্লিষ্টরা।
উত্তরাধিকার সূত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন উল্লেখিত দেশের প্রতিনিধিগণ। দুইদিনব্যাপী এই কর্মশালার গতকাল ছিল সমাপনী দিন। এই দিনে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম, বেলার নির্বাহী পরিচালক রেজওয়ানা হাসান, ভারতের প্রতিনিধি চাঁদনী টায়াগী,পাকিস্তানের প্রতিনিধি তানভির আরিফ, শাকিল গোহরি, মালয়েশিয়ার প্রতিনিধি নূরাদিলা আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা এইদেশগুলোতে ধর্মীয় গোড়ামী, সামাজিক প্রথা এবং পুরুষতান্ত্রিকতাকে উত্তরাধিকার সূত্রে নারীর অধিকার প্রতিষ্ঠায় বড় বাধা বলে উল্লেখ করেন। পরিস্থিতি পরিবর্তনে তারা রাষ্ট্রের আইন, সামাজিক সচেতনতা ও পারিবারিক শিক্ষার উপর জোর দেন। তারা মনে করেন, নারীর ক্ষমতায়ন সম্পূর্ণ হবে না উত্তরাধিকার সূত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা ছাড়া।