খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করুন : হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন করার দায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে ন্যাপ ভাসানী আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, আগে জানতাম বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত। কিন্তু ১৫ আগস্ট কেক কেটে উল্লাস করে জন্মদিন পালনের মাধ্যমে খালেদা জিয়া বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে তার নিজের সম্পৃক্তা উন্মোচন করেছেন। হাছান মাহমুদ বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর তথ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত রাষ্ট্রীয় জীবনবৃত্তান্ত অনুসারে তার জন্মদিন ১৯৪৭ সালের ১৯ আগস্ট। বিয়ের কাবিননামায় ১৯৪৪ সালের ৫ আগস্ট এবং শিক্ষা বোর্ডের কাগজপত্রে তার জন্মদিন ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর। আয়োজক সংগঠনের চেয়ারম্যান মুস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সভাপতি চিত্তরঞ্জন দাস, অরুণ সরকার রানা, শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ফাতেমা জামান সাথী প্রমুখ।