সচিবের পদমর্যাদা পাচ্ছেন আরো ৩০ কর্মকর্তা
জনপ্রশাসনে পদোন্নতির সুযোগ তৈরি হচ্ছে
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২২:২৪
জনপ্রশাসনে বিদ্যমান পদের অতিরিক্ত আরো ৩০ জনকে সচিব পদমর্যাদা (গ্রেড-১) দেয়া হচ্ছে। এছাড়া ২০ জনকে অতিরিক্ত সচিবের পদমর্যাদাও দেয়া হবে। যেসব পদে ওই কর্মকর্তাদের নিয়োজিত করা হবে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সেসব পদের অনুমোদন কার্যকর করেছে। এখন নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, প্রশাসনে সচিবের ৬০টি এবং অতিরিক্ত সচিবের ১১০টি অনুমোদিত পদ রয়েছে বলে জানা যায়। তবে এর সঠিক সংখ্যা জনপ্রশাসন মন্ত্রণালয় কখনো প্রকাশ করে না। জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই এসব পদের মানোন্নয়ন করে জাতীয় বেতনক্রমের গ্রেড-১ এবং গ্রেড-২ ভুক্ত করেছে। এখন এসব পদে যাদের নিয়োগ দিতে তাদেরকে পদোন্নতি দিতে হবে। এ জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় তা করা হবে। ইতিমধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের চারজনকে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। সে হিসাবে আর বাকি ২৬ জন কর্মকর্তা সচিবের পদমর্যাদায় পদোন্নতির সুযোগ পাবেন।
সচিব পদমর্যাদায় উন্নীত হচ্ছেন যেসব কর্মকর্তা
যেসব পদে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ দেয়া হবে সেগুলো হচ্ছে বিসিকের চেয়ারম্যান, কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি), বিএসটিআই-এর ডিজি, এনজিও বিষয়ক ব্যুরোর ডিজি, ডাক বিভাগের ডিজি, প্রধান তথ্য কর্মকর্তা, প্রধান বন সংরক্ষক, গণপূর্ত অদিপ্তরের প্রধান প্রকৌশলী, মত্স্য অধিদপ্তরের ডিজি, প্রাণী সম্পদ অধিদফতরের ডিজি, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, রেলওয়ের ডিজি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ডিজি, মহাহিসাব নিয়ন্ত্রক, কম্পট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের ডিজি, পরিবেশ অধিদপ্তরের ডিজি, পরিকল্পনা উন্নয়ন একাডেমির ডিজি, রাজউকের চেয়ারম্যান, খাদ্য অধিদপ্তরের ডিজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি, আনসার-ভিডিপি অধিদপ্তরের ডিজি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদফতরের ডিজি, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক, বিআরডিবি’র ডিজি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী।
অতিরিক্ত সচিবের পদমর্যাদা পাচ্ছেন যারা
যেসব পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়া হবে সেগুলো হচ্ছে— রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক, কারা মহাপরিদর্শক, মুদ্রণ লেখা সামগ্রি ফরম ও প্রকাশনা অধিদপ্তরের ডিজি, পরিবহন কমিশনার, পেটেন্ট ডিজাইন ট্রেড মার্কস অধিদফতরের রেজিস্ট্রার, বিটাক-এর মহাপরিচালক, জীবন বীমা কর্পোরেশনের এমডি, মত্স্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, এফডিসি’র ডিজি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, যুব উন্নয়ন অধিদফতরের ডিজি, সমাজ সেবা অধিদফতরের ডিজি, মহিলা বিষয়ক অধিদফতরের ডিজি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ডিজি, গণযোগাযোগ অধিদফতরের ডিজি এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের ডিজি।
এদিকে আগামী চার মাসের মধ্যে প্রশাসনের ৯ সচিব অবসরে যাচ্ছেন। এসব পদেও পদোন্নতি পাবেন অতিরিক্ত সচিবরা। একইসঙ্গে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ-সচিব পদের পদোন্নতিও শুরু হয়ে যেতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উপ-সচিবের পদে পদোন্নতির জট খুলতে ঐসব নানামুখী সুযোগ কাজে লাগানো যাবে। সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সিদ্ধান্ত হলেও ২০তম ব্যাচের কর্মকর্তাদের উপ-সচিব পদে পদোন্নতির বিষয়টি সুরাহা করা হচ্ছে না- এই যুক্তিতে যে, উপ-সচিব পদ শূন্য নেই। এমনিতেই এখন ৮৬৮টি উপ-সচিবের পদের বিপরীতে ১২শ’ কর্মকর্তা রয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, ২০তম ব্যাচের কর্মকর্তাদের উপ-সচিবের পদে পদোন্নতির জন্য প্রয়োজনীয় চাকরিকাল অতিক্রান্ত হয়েছে। আবার ১৯৮৫ ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত সচিব এবং ১৯৮৬ ব্যাচের কর্মকর্তারা যুগ্ম সচিব হওয়ার স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছেন। যদিও এসব ব্যাচের অসংখ্য কর্মকর্তা স্বাভাবিক পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত আছেন।
এখন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ-সচিব— এ চারটি স্তরেই বড় ধরনের পদোন্নতির সুযোগ উন্মুক্ত হয়ে যাচ্ছে। ফলে পদোন্নতি নিয়ে প্রশাসনের ক্ষোভ অসন্তোষ অনেকখানিই লাঘব হবে।