রাজনৈতিক উদ্দেশ্যে টিআইবির সাংবাদিক সম্মেলন :তথ্যমন্ত্রী
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২২:২৭
জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এই নীতিমালা তৈরিতে টিআইবিও অংশ নিয়েছিলো। নীতিমালার খসড়ায় যেসব ত্রুটি-বিচ্যুতি ছিলো সংস্থাটি সেসব সংশোধন করেছে এবং এসব সংশোধন বিবেচনা করা হয়েছে।
এর আগে গতকাল টিআইবি এক সাংবাদিক সম্মেলনে জাতীয় সম্প্রচার নীতিমালার কিছু অংশকে মানুষের তথ্য অধিকার, বাক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করে বলেছে, এই নীতিমালা গ্রহণযোগ্য নয়। সংস্থাটির সাংবাদিক সম্মেলনকে দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেছেন, টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে এটা করেছে। এই নীতিমালার কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা যাবে না বলে বিভিন্ন মহলে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তার জবাবে তথ্যমন্ত্রী বলেন এই আশঙ্কা অমূলক।
জাতীয় সম্প্রচার নীতিমালার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, একজন ম্যাজিস্ট্রেট যখন মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেন, তখন আপনি বলবেন যে ম্যাজিস্ট্রেটরা সব চোর, এরকম কথা বলা যাবে না। কিন্তু ম্যাজিস্ট্রেট যদি কাউকে ‘ঘুষ খাইয়া ছাড়িয়া’ দেয় তাহলে সেটা রিপোর্ট করা যাবে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্য, সেনাপতি থেকে শুরু করে পুলিশ বাহিনীর প্রধান ও কনস্টেবল পর্যন্ত যদি ক্ষমতার অপব্যবহার করেন, মানুষ হত্যা করেন, দুর্নীতি করেন প্রত্যেকটি ঘটনা প্রকাশ করার ক্ষেত্রে সাংবাদিকদের রিপোর্ট করার অধিকার সংরক্ষিত আছে।