চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিমি যানজট
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২২:২৮
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ও ভারী বৃষ্টিপাতের কারণে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বিকাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট ছিল। সড়ক দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিতে বিলম্ব হওয়ায় যানজট শুরু হয়। পরবর্তীতে গাড়ি চালকদের নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর ফলে যানজট বড় আকার ধারণ করে। উত্তর দিকে আমানগন্ডা থেকে দক্ষিণে দত্তসার পর্যন্ত ৩০ কিলোমিটারজুড়ে দিনভর ছিল যানজট।
মহাসড়ক ঘুরে দেখা গেছে, ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের বিভিন্নস্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে মালবাহী ট্রাক বা কভার্ডভ্যানের চাকা ফেটে সড়কের মাঝেই দুর্ঘটনার কবলে পড়ছে। যার ফলে এক স্থান যানজটমুক্ত হলে অন্য স্থানে যানজটের সৃষ্টি হয়। গতকাল মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে সারাদিনই থেমে থেমে গাড়ি চলাচল করতে দেখা গেছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাহাব উদ্দিন জানান, বিভিন্নস্থানে পৃথক দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশের সহায়তায় মহাসড়ক যানজট মুক্ত করা হয়।