কবি সুকান্তর আজ জন্মদিন

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৮ তম জন্মদিন আজ । ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য। মাতা সুনীতি দেবী। ভারতে জন্মগ্রহণ করলেও কবির পিতৃপুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। বর্তমানে কবির পিতৃ ভিটায় কবির নামে সরকারিভাবে একটি অডিটরিয়াম ও লাইব্রেরী নির্মাণ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন কবির এই বাড়িটি দেখার জন্য। এ বছর কবি সুকান্ত স্মৃতি সংসদ, কবি সুকান্ত সেবা সংঘ ও উদীচী শিল্পী গোষ্ঠী যৌথভাবে আগামী শনিবার নানা আয়োজনের মধ্যদিয়ে কবির ৮৮তম জন্মদিন পালন করবে। কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি শেখ আয়নাল হোসেন বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস থাকার কারণে আমরা ১৬ আগস্ট কবির জন্মদিন পালন করবো। কবি সুকান্ত ভট্টাচার্য ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল-তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।