দুই পাইলটের অদ্ভুত কাণ্ড
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২২:৩৩
চোখ বন্ধ করে একবার কল্পনা করুন। আপনি আকাশে একটি বিমানে উড়ছেন। একজন পাইলট বিমানটিকে চালাচ্ছেন। হঠাত্ করে পাইলট ঘুমিয়ে গেলেন। অবস্থাটা কী হবে ! মৃত্যু অনিবার্য! বিস্ময়কর হলেও সত্য, কল্পনা নয়, বাস্তবেই এই ঘটনা ঘটেছে ভারতের একটি বিমানের ক্ষেত্রে!
ভারতের জেট এয়ারওয়েজের বোয়িং বিমান। মুম্বাই থেকে নিউইয়র্কগামী বিমানটি ৩৪ হাজার ফুট উচ্চতায় উঠে গিয়েছিল। কিন্তু হঠাত্ করেই সেটি ২৯ হাজার ফুটে নেমে আসে! বিমানটিতে ২৮০ জন যাত্রী ছিলেন। জেট এয়ারওয়েজের একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটি দুই হাজার ফুট উপরে ছিল। এসময় বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রে হঠাত্ করে সতর্ক সংকেত বেজে ওঠে এবং জরুরি এক বার্তা পাঠায়। সেই সময় বিমান নিয়ন্ত্রণ করছিলেন সহ-চালক। একটু ঘুমাচ্ছিলেন পাইলট। তা হলে বিমান উচ্চতা কমাতে শুরু করলে সহ-পাইলট তা বুঝতে পারেননি কেন? জানা গেছে, সেই সময় আইপ্যাডে মগ্ন ছিলেন সহ-চালক। তাই বিমানের আকস্মিক পতনের ব্যাপারটি তিনি বুঝতে পারেননি। এরপর নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সতর্ক করা হলে বিমানটি স্বাভাবিকভাবে চলতে শুরু করে। দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ওই বিমান। বেঁচে যান ২৮০ যাত্রী! ভাগ্য বটে! - এনডিটিভি