দুই কোরিয়াকে সংলাপে বসার আহ্বান পোপের
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২০:৩৯
দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে দুই কোরিয়ার বৈরিতা দূর করতে দেশ দু’টিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস। ওদিকে বৃহস্পতিবার পোপকে বহনকারী বিমান যখন দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করে, তখনই আকাশে পর পর কয়েকটি রকেট নিক্ষেপ করে উত্তর কোরিয়া। গতবছর মার্চে পোপ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো এশিয়া সফরে আসলেন ক্যাথলিক খ্রিস্টান জগতের এই ধর্মগুরু। সেখানে পাঁচদিন অবস্থান করে ধর্মের কারণে নিহত কয়েকজন খ্রিস্টান অনুসারীকে ‘বিউটিফিকেশন’ এবং ‘ব্যাপটিজম’-এ ভূষিত করবেন পোপ। এছাড়া ক্যাথলিক যুবকদের একটি সম্মেলনেও যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই ও অন্য সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পোপ বলেন, “কোরিয়া উপদ্বীপের স্থিতিশীলতা এই অঞ্চল, এমনকি পুরো বিশ্বের স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।
সংলাপ ও ধৈর্য ধরে শোনার মানসিকতা শান্তি আনতে পারে। পারস্পরিক দোষারোপ, অর্থহীন সমালোচনা আর শক্তি প্রদর্শন কখনো শান্তি আনতে পারে না। আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত রাখতে কোরীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “আমাদের তরুণ প্রজন্মকে শান্তি উপহার দেয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করা প্রয়োজন বলে আমি মনে করি।” সকালে পোপকে বহনকারী বিমান যখন দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে পর পর তিনটি রকেট উেক্ষপণ করে। এছাড়া দুপুরের দিকেও আরো দু’টি রকেট নিক্ষেপ করে উত্তর কোরিয়া।