পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গড়তে দ্রুত বৈঠকের আহ্বান বান কি মুনের

জাতিসংঘের মহাসচিব বান কি মুন পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে সংশ্লিষ্ট দেশগুলোকে যত শিগগির সম্ভব আলোচনায় বসার আহবান জানিয়েছেন। গত বৃহস্পতিবার সাধারণ পরিষদে পাঠানো এক প্রতিবেদনে তিনি পরমাণু আলোচনার প্রস্তুতি সম্পন্ন করার জন্য দেশগুলোকে আহবান জানান। নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনের জন্য ২০১২ সালে ফিনল্যান্ডে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরাইলের স্বার্থে তখন বৈঠকটি স্থগিত করে দেয়। ধারণা করা হয় ইসরাইল পরমাণু শক্তিধর দেশ। কিন্তু ইসরাইল এব্যাপারে কোন ঘোষণা দেয়নি। এবছর বৈঠকটি হওয়ার একটি প্রস্তাব আছে। এ কারণে ইরান, ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে ইতিমধ্যে কয়েকটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।