ইউপি চেয়ারম্যান ও ইউএনও’র পরস্পর বিরোধী অভিযোগ
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২১:০৬
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ইউএনও এবং ইউপি চেয়ারম্যানরা পরস্পর বিরোধী অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করে এক পর্যায়ে ৮জন ইউপি চেয়ারম্যান সভার শেষ পর্যায়ে সভাস্থল ত্যাগ করে চলে যান।
গত বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে। সভায় ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, মোঃ শহিদ উল্যাহ, ইউএনও’র বিরুদ্ধে কয়েকটি লিখিত অভিযোগ উত্থাপন করেন। এ সময়ে ইউএনও কাজী মোহাম্মদ চাহেল তস্তুরি উপস্থিত চেয়ারম্যানদের অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপি চেয়ারম্যানরা বিভিন্ন প্রকল্পের কাজের ২০ শতাংশ করে আবার কোথাও কোথাও কাজ না করেই বিল উত্তোলনের জন্য আমার দপ্তরে এসে অনুরোধ করে। আমি প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত এবং প্রকল্পের কাজ পরিদর্শন ছাড়া বিল দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার নামে মিথ্যা অভিযোগ করছেন।