কাহালুতে জাতীয় পতাকা উঠাতে গিয়ে তিন ছাত্র দগ্ধ

কাহালু উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার অর্ধনমিত জাতীয় পতাকা পূর্ণভাবে উঠাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিন ছাত্র শহিদ, সিজান ও বাদশা দগ্ধ হয়েছে। তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের নৈশপ্রহরী-কাম দপ্তরি সকালে স্টীল পাইপের খুঁটিতে জাতীয় পতাকা অর্ধনমিত করে রেখে স্কুল ছেড়ে বাইরে কোথাও চলে যায়। সকাল ৮টায় বিদ্যালয়ের শহিদ, ৪র্থ শ্রেণির ছাত্র সিজান ও বাদশা পতাকাটি অর্ধনমিত দেখে কৌতূহলবশত পূর্ণভাবে তুলতে গেলে পতাকা টাঙ্গানোর স্টীল পাইপের খুঁটিটি বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়া বিদ্যুত্ লাইনের তারের উপর হেলে পড়া মাত্রই ওই ৩ কোমলমতি ছাত্র সাথে সাথে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতরভাবে দগ্ধ হয়। এদের মধ্যে সিজান ও বাদশার অবস্থা খুবই গুরুতর। ঘটনার সংবাদ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্কুলে আসেন।