বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মরণ
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২১:৩১
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোক মিছিল, কালোব্যাজ ধারণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজ
গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোক মিছিল, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজ। খবর আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রাজশাহীঃ মহানগর আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ বজলার রহমান ও সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া শোক মিছিল, আলোচনা সভা, নিরবতা পালন এবং ৩৫টি সাংগঠনিক ওয়ার্ড কার্যালয়ে অনুরূপ কর্মসূচি পালনসহ মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্প্রচার হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি আকতার জাহান এমপি ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী এমপির নেতৃত্বে সকাল ১০টায় লক্ষীপুরস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর, বাগমারা, দুর্গপার, পুঠিয়া, বাঘা ও চারঘাট উপজেলাসহ বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরী ও পুলিশ সুপার আলমগীর কবীরের নেতৃত্বে সকাল পৌনে ৯টায় কোর্ট শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে আলোচনা সভা ও ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি প্রধান এবং সংসদ সদস্য যথাক্রমে ওমর ফারুক চৌধুরী, ফজলে হোসেন বাদশা, আয়েন উদ্দিন, ইঞ্জিনিয়ার এনামূল হক, আব্দুল ওয়াদুদ দারা ও আকতার জাহান এবং রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিশেষ অতিথি ছিলেন।
এছাড়া আনসার ভিডিপি, রাবি, রুয়েট, রাজশাহী সিটি কর্পোরেশন, রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী শিক্ষাবোর্ড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পবা উপজেলা প্রশাসন, নওহাটা পৌর আওয়ামী লীগ, রাজশাহী ওয়াসা শ্রমিক লীগ, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনির্ভার্সিটি, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও শোক মিছিল।
খুলনাঃ শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল জলিল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) অশোক কুমার বিশ্বাস এবং পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান শেষে যুবকদের মাঝে যুবঋণ এবং শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় নগরীর নিউমার্কেট চত্বর থেকে শোকমিছিল বের করা হয়। মিছিল মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এটি বাংলাদেশ বেতার খুলনায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন সকাল সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফারুক আহমেদ। এ উপলক্ষে খুলনা পিআইডিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু একাডেমি আলোচনা সভা, কবিতাপাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। ইসলামিক ফাউন্ডেশন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। খুলনা জেলা তথ্য অফিস বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর নির্মিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রামাণ্য চিত্রটি নগরীর জনবহুল এলাকায় প্রদর্শন করে।
সিলেটঃ জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনিই আমাদের শক্তি ও প্রেরণার উত্স। অথচ একদল হায়েনা সেই বঙ্গবন্ধুকেই নির্মমভাবে খুন করেছে। তাদের হাত থেকে শিশু রাসেলসহ নারী-শিশুরাও রেহাই পায়নি। বঙ্গবন্ধুর যে সকল খুনি বিদেশে পলাতক রয়েছে তাদের অবিলম্বে দেশে ফেরত এনে ফাঁসি কার্যকর করতে হবে। এজন্য সরকারকে আরো উদ্যোগী হতে হবে। ইফতেখার আহমদ লিমন গতকাল শুক্রবার জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেপি সিলেট জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেপির সিলেট জেলা সহ-সভাপতি আলহাজ্ব ইউনুস আলী।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেপির উদ্যোগে বাদ জুমা হযরত শাহপরান (রহঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেপির সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক সমরাজ আহমদ, জেপি নেতা বুলবুল আহমদ, কামাল আহমদ প্রমুখ।
অপরদিকে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের ব্যবস্থাপনায় সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভাগীয় পুলিশ কমিশনারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জেলা এবং মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও প্রশাসন, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। শুক্রবার ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়। সিলেট আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়সহ জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি তোলা হয়েছে কালো পতাকা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি কার্যালয়ে শোক দিবস পালন করা হয়। জুমার পর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। এছাড়া মন্দির, প্যাগোডা ও গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে হয় বিশেষ প্রার্থনা।
সকাল ১০টা হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিভাগীয় পুলিশ কমিশনার, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ সিলেট বিভাগ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, নাট্যমঞ্চ, ছড়ামঞ্চ, মুক্তিযুদ্ধ অনুশীলনসহ নানা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।
বরিশালঃ সকাল ৯টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধু ও আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপি, জেবুন্নেসা আফরোজ এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, যুবলীগের কেন্দ্রীয় সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্ল¬াহসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, পেশাজীবী পরিষদ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট এবং অর্ধ শতাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টায় বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকমিছিলের নেতৃত্ব দেন জেবুন্নেসা আফরোজ এমপি। বেলা ১১টায় অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। নগরীর কালীবাড়ি রোড ও সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে দোয়া-মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জঃ সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে অধ্যক্ষ এম.এ হাই শ্রদ্ধা নিবেদন করেন। পরে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়লয়ে অনুরূপ কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খায়রুল আলম খান। গোপালগঞ্জ শিশু একাডেমিতে শিশুদের চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে শোক দিবস পালিত হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম. এম নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন খোকনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলার কাঠি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। গোপালগঞ্জে মসজিদ, মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর শাহাদাত্বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।