মাঠে নামছে ম্যান ইউ, আর্সেনাল
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২১:৫৪
ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধন আজ
সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ। ভাণ্ডারে নতুন নতুন সব অস্ত্র যোগ করে মরণপণ লড়াইয়ে প্রস্তুত দলগুলোও। তারই সুবাদে আজ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে। বিশ্ব ফুটবলের সবচাইতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লিগটির উদ্বোধনী দিনে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রানার্স-আপ লিভারপুল খেলতে নামবে আগামীকাল। শিরোপার আরেক দাবিদার চেলসিকে প্রথম খেলাটির জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে সোমবার পর্যন্ত।
আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার গতকাল শুক্রবার লন্ডনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এবারের শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকবে চেলসি, লিভারপুল, ম্যান ইউনাইটেড, ম্যান সিটি ও তার দলের মধ্যে। তিনি এ প্রসঙ্গে জানান তার বিশ্বাস তাদেরও সুযোগ আছে। কেননা তারাও দীর্ঘদিন ধরে শীর্ষে আছেন। সেজন্য আর্সেনালকে শীর্ষদলগুলোর কাছ থেকে আরো পয়েন্ট কেড়ে নিতে হবে বলে তাগিদ দেন তিনি।
শিরোপা লড়াইয়ে যোগ দিতে যাওয়া দলগুলো নিজেদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ইতোমধ্যেই কথা বলেছে। আগের ধারা বজায় রেখে কথার লড়াইয়ে মাঠ গরম করছেন খেলোয়াড়-কোচেরা। যথারীতি এ তালিকায় সবার চেয়ে এগিয়ে চেলসি কোচ হোসে মরিনহো। চেলসিতে নিজের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বছর শুরু করতে যাওয়া মরিনহোর দাবি, আগামী পাঁচ বছর ক্লাব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে যা যা প্রয়োজন তার সবই যুক্ত হয়েছে স্টামফোর্ড ব্রিজে। সর্বশেষ গতকাল লন্ডনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মরিনহো জানান চলতি মৌসুমে তারাও যে শিরোপার দাবিদার এ নিয়ে তার কোন সংশয় নেই। গেল মৌসুমে চ্যাম্পিয়নদের চাইতে চার পয়েন্ট পেছনে থেকে লিগ শেষ করলেও তিনি কখনো এরকম দাবি করেননি। এ প্রসঙ্গে তার বক্তব্য-‘এই মৌসুমে আমরা কিছু মুখ্য খেলোয়াড় কিনেছি এবং আমরা (এটা) বিশ্বাস করছি।’
মরিনহোর পাঁচ বছর রাজত্বের পাল্টা জবাব দেন সিটির ভিনসেন্ট কোম্পানি। গত তিন বছরে দলটিকে দু’বার লিগ জেতানো এই অধিনায়কের দাবি, চলতি মৌসুমে সিটি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ধারাক্রমটাই পাল্টে দেবে। বেলজিয়াম জাতীয় দলের খেলোয়াড়টির এই কথাতেই স্পষ্ট, শিরোপাধারীদের এবার লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটির দিকেও। চেলসির গত মৌসুমের দলে বেশ কিছু পরিবর্তন এনে প্রায় নতুন করেই একাদশকে সাজিয়েছেন মরিনহো। বিশেষ করে ধারহীন আক্রমণভাগের জন্য মৌসুমের প্রায় পুরোটা সময় ভুগতে থাকা ব্লুজরা দলে ভিড়িয়েছে বেশ কিছু আক্রমণাত্মক খেলোয়াড়কে। রোমেলো লুকাকু, স্যামুয়েল ইতোদের জায়গা নিয়েছেন সেস ফ্যাব্রিগাস, ফিলিপে লুইজ, দিদিয়ের দ্রগবারা। তবে সবচেয়ে আলোচিত নামটি নিঃসন্দেহে দিয়েগো কস্তা। অ্যাটলেটিকো মাদ্রিদকে গত মৌসুমে স্প্যানিশ লিগ জেতাতে বিশাল ভূমিকা রাখা এই স্ট্রাইকারকে মাস দেড়েক আগেই নিশ্চিত করেছে তারা।
পরীক্ষিত এসব খেলোয়াড়ের পাশাপাশি আছেন ইডেন হ্যাজার্ড, আন্দ্রে স্কুরেল, অস্কারের মতো তরুণরাও। বিশ্বকাপে নিজ নিজ দলের হয়ে মাঠ মাতিয়েছেন প্রত্যেকেই। মরিনহোর বিশ্বাস, গত তিন মৌসুমে একবারও শীর্ষ দু’য়ে থেকে লিগ শেষ করতে না পারা চেলসিকে শিরোপা জিততে বড় ভূমিকা রাখবেন এই তরুণরা। সেই বিচারে পর্তুগীজ কোচটির দাবি, তারা যদি ক্লাবে থাকেন তাহলে আগামী পাঁচ বছর চেলসিই ইউরোপিয়ান প্রতিযোগিতায় রাজত্ব করবে।
দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচের দাবি, ‘এই দলটা আসলে আগামীকালের জন্য, আগামী বছরের জন্য। হতে পারে আগামী পাঁচ কিংবা দশ বছরের জন্যও। সত্যিই এই স্কোয়াডটাকে দারুণ পছন্দ করে ফেলেছি আমি। পৃথিবীতে এমন কোন কোচ পাওয়া যাবে না যিনি বলতে পারবেন আমার দলটা একেবারে নিখুঁত। কিংবা নির্দিষ্ট কোন জায়গায় আরো শক্তিশালী (খেলোয়াড়) আনার সুযোগ নেই। তাই আমি কেবল বলতে পারি, আমার দলটাকে নিয়ে দারুণ খুশি আমি।’
মরিনহো ধন্যবাদ জানিয়েছেন চেলসি কর্তৃপক্ষকেও, ‘ক্লাবকে ধন্যবাদ। কারণ আমি যে তিনটি চাহিদার কথা বলেছিলাম তারা সেটা আমাকে দিয়েছেন। লেফট ব্যাক, মিডফিল্ডার এবং একজন স্ট্রাইকার। সত্যি বলতে তারা আমাকে দু’জন স্ট্রাইকার দিয়েছেন। কারণ, দ্রগবা ফিরেছে। সুতরাং আমরা এমন একটি দল পেয়েছি যেরকম দল আমরা চেয়েছিলাম। হয়তো এটা নিখুঁত কিংবা সেরা নয়। তবে আমরা এই দল নিয়ে দারুণ সন্তুষ্ট।’এদিকে লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারলেও, চ্যাম্পিয়ন্স লিগে এখনো বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে পারেনি সিটি। কোম্পানি স্বীকার করলেন, নতুন মালিকের অধীনে চার বছর আগে হঠাত্ করেই বদলে যাওয়া দলটির এই মৌসুমে মূল লক্ষ্য থাকবে, ইউরোপিয়ান মুকুটের দিকে। চ্যাম্পিয়ন্স লিগ লড়াইটা কেবল রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা-বায়ার্নের মধ্যে সীমাবদ্ধ জানিয়ে ব্রিটিশ গণমাধ্যমকে তিনি বলেন,‘কোন সন্দেহ নেই ইংলিশ ক্লাবগুলোর ইউরোপিয়ান ফুটবলে আরো ভাল লড়াই উপহার দেয়া উচিত। আমি পরিষ্কারভাবে বলতে চাই, মাত্র তিনটি ক্লাব বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে লড়াইটা সীমাবদ্ধ। অন্য সবার চাইতে একধাপ এগিয়ে আছে তারা। সিটি কিংবা চেলসির মতো ক্লাবগুলো কেবল ইংল্যান্ডের মধ্যেই লড়াই করে যাচ্ছে। যদিও, ইউরোপিয়ান ফুটবলের বর্তমান ধারাক্রমটা পাল্টাতে চেষ্টা করে যাচ্ছে তারা।’
বিশ্বকাপে বেলজিয়ামকে প্রতিনিধিত্ব করা এই তারকার দাবি সেই ক্ষমতা ভালভাবেই আছে সিটির। প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের আধিপত্য ভেঙ্গে সিটি যেমন নতুন পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগেও তেমন কিছু হবে বলেই বিশ্বাস কোম্পানির। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ইউরোপিয়ান ফুটবলের বর্তমান ধারাক্রমটা পাল্টে দেয়ার। এটাকে কেউ উচ্চাকাঙ্ক্ষাও বলতে পারেন। তবে আমি নিশ্চিত সিটির কেউ বিষয়টি অস্বীকার করতে পারবে না।’ সমর্থকরাও সিটির কাছ থেকে এবার তেমন কিছুই চাইছেন বলে বিশ্বাস কোম্পানির, ‘এই ধারাক্রমটা পাল্টাতে পারলে আমি সবচেয়ে খুশি হব। তাছাড়া আমাদের সমর্থকরাও বহু বছর ধরে এটা চাইছে এবং আমার মনে হয় এটা এখন তাদের প্রাপ্যই। ঐ অংশের অংশ হতে পারাটা হবে দারুণ।’
লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স জানিয়েছেন লুই সুয়ারেজ চলে গেলেও তার দল ভালভাবেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে উঠতে পারবে। সুয়ারেজ বার্সেলোনায় চলে যাবার পর রজার্স অবশ্য এ মৌসুমের জন্য খেলোয়াড় কেনা বাবদ ১০ কোটি পাউন্ড খরচ করতে পেরেছেন। এত কিছুর মধ্যেও ফুটবলামোদীদের নজর কাড়বেন গত মৌসুমে চূড়ান্ত ব্যর্থতা বরণ করা ইউনাইটেডের হাল ধরা কোচ লুই ফন গল। বিশ্বকাপে নেদারল্যান্ডকে তৃতীয় স্থান পেতে সাহায্য করা গল এবার ইংলিশ প্রিমিয়ার লিগে দলটিকে কতটা টেনে তুলতে পারেন তা কেবল ইংল্যান্ডেই নয়, বিশ্বজুড়েও ক্লাবটির ভক্তদের বাড়তি নজর কাড়বে।