বিদায় নিলেন জোকোভিচও

সিনসিনাটি ওপেন থেকে তারকা পতন চলছেই। দ্বিতীয় রাউন্ড থেকেই শীর্ষ নয় বাছাইয়ের তিনজন বিদায় নেয়ার পরে, এবার বাদ পড়েছেন নোভাক জোকোভিচও। তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। ফলে ২৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের আগে বড় একটা ধাক্কাই খেলেন এই সার্বিয়ান। তবে হতাশ করেননি দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার, নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। এদিকে মেয়েদের এককে ঘটেনি কোন অঘটন। সহজেই শেষ আটে নাম লিখিয়েছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, দ্বিতীয় বাছাই রুমানিয়ার সিমোনা হাল্প ও পঞ্চম বাছাই রাশিয়ার মারিয়া শারাপোভা। তৃতীয় রাউন্ডের ম্যাচে ফেভারিট হিসেবেই ১৬তম বাছাই স্পেনের টমি রবরেডোর মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। তাই কোয়ার্টার ফাইনালের টিকিট অনেকটা নিশ্চিত বলেই ধরা নেয়া হচ্ছিল ৭টি গ্র্যান্ডস্লামের মালিক জোকোভিচের। কিন্তু সবাইকে চমকে দিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেন রবরেডো। দুই সেটেই ম্যাচের নিষ্পত্তি ঘটিয়ে ফেলেন ৩২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। ৭-৬ (৮/৬) ও ৭-৫ গেমে তৃতীয় রাউন্ডের ম্যাচ হেরে টুর্নামেন্টে থেকে বিদায় নেন জোকোভিচ। অন্যদিকে রেকর্ড ১৭টি গ্র্যান্ডস্লামের মালিক ফেদেরারকে জিততে খুব একটা বেগ পেতে হয়নি। আগের ম্যাচে এটিপি মাস্টার্স সিরিজে ৩০০তম জয় পাওয়া ফেদেরার ৬-৪, ৪-৬ ও ৬-৩ গেমে হারান অবাছাই ফ্রান্সের গায়েল মনফিলসকে। এদিকে মেয়েদের এককে সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন সেরেনা, হাল্প ও শারাপোভা। সেরেনা ৬-২ ও ৬-২ গেমে ত্রয়োদশ বাছাই ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে, হাল্প ৬-৪, ৭-৫ গেমে ষোড়শ বাছাই চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে এবং শারাপোভা ৬-৪, ৭-৬ (৭-২) গেমে রাশিয়ার অবাছাই এ্যানাস্তাসিয়া পাভলেচেঙ্কোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখেন। প্রথম রাউন্ডে বাই পাওয়ার কারণে দ্বিতীয় রাউন্ডেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলেন শীর্ষ বাছাইরা। তবে সেখানে হেরে যান পুরুষ এককের তিন শীর্ষ বাছাই। গত সপ্তাহে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত রজার্স কাপের সেমিফাইনালিস্ট গ্রিগর দিমিত্রভকে পোল্যান্ডের জার্জি জ্যানোভিকজ। আমেরিকার স্টিভ জনসন হারিয়েছেন নবম বাছাই আর্নেস্ট গালবিসকে। অন্যদিকে, তাইওয়ানের অবাছাই লু ইয়েন সান হতবাক করে দিয়েছেন চতুর্থ বাছাই টমাস বার্ডিচকে। বাসস/ওয়েবসাইট