রিবেরিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২১:৫৬
উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশন এফএফএফের প্রধান নোয়েল লি গ্রেইট। ফেডারেশনের ওয়েবসাইটে তিনি বলেন, ‘এমন মেধাবি একজন ফুটবলারের অবসর কারো একক বিশ্লেষণে মূল্যায়ন করা যাবে না এবং তার এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করা হবে না। এ ব্যাপারে ফ্রান্স দলের অভিভাবক কোচেরও (দিদিয়ের দেশম) একই বক্তব্য।’ রিবেরির ব্যাপারে এফএফএফ প্রধান আরো বলেন, ‘সে ফ্রান্স দলকে অনেক ভালবাসে। এরই মধ্যে ব্লু জার্সির জন্য সে তার ভালবাসা দেখিয়েছে। আমার বিশ্বাস যে সে তার অবস্থান পুনর্বিবেচনা করবে এবং ফিরে আসাটাই তার জন্য সর্বোচ্চ ভাল হবে।’
মিডিয়াতে বুধবার খবর আসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন রিবেরি। পরিবারে বেশি সময় দিতে, বায়ার্ন মিউনিখে মনোযোগ দিতে এবং জাতীয় দলে তরুণ খেলোয়াড়দের রাস্তা করে দিতেই এ সিদ্ধান্ত নেয়ার কথা বলেন ৩১ বছর বয়সী এ ফুটবলার। কিকার ম্যাগাজিনকে সাক্ষাত্কারে ফ্রান্সের তিনবারের বর্ষসেরা ফুটবলার রিবেরি বলেন, ‘আমি আমার পরিবারের দিকে বেশি নজর দিতে চাই, বায়ার্ন মিউনিখের কাজে আরো বেশি মনোযোগ দিতে চাই এবং তরুণ ও প্রাণবন্ত ফুটবলারদের জন্য জাতীয় দলের রাস্তা তৈরি করে দিতে চাই। জীবনে উত্থান-পতন থাকে। এখন আমার জীবনের নতুন একটি অধ্যায় সূচনা করার সময়।’
ব্রাজিল বিশ্বকাপের দলে জায়গা পেলেও ইনজুরির কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি ফ্রান্সের হয়ে ৮১টি ম্যাচ খেলে ১৬টি গোল করা রিবেরির। সামপ্রতিক মৌসুমগুলোতে ইউরোপীয় ফুটবলের অন্যতম তারকা খেলোয়াড় রিবেরি ২০০৭ সালে দুই লাখ পাউন্ডে মার্শেই থেকে বায়ার্নে যোগ দেন। ক্লাবটির হয়ে এরই মধ্যে চারটি বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং জার্মান ক্লাব টাইটেল জিতেছেন তিনি। ২০১৩ সালের ব্যালন ডি অ’রের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও নিওনেল মেসির পরেই রিবেরির অবস্থান ছিল।
ওই দিনই আন্তর্জাতিক ক্যারিয়ারে দাঁড়ি টানার ঘোষণা দেন একই দলের ডিফেন্ডার এরিক আবিদাল। রিবেরির পথ অনুসরণ করা আবিদাল ফ্রান্সের হয়ে ৬৭টি ম্যাচ খেলেন। ব্রাজিল বিশ্বকাপের ফ্রান্স দল থেকে বাদ পড়াই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে তাড়িত হয়েছেন বলে জানান ৩৪ বছর বয়সী এ ফুটবলার।
মোনাকোর হয়ে গত মৌসুম খেলা আবিদাল নতুন মৌসুমে খেলবেন গ্রীসের অলিম্পিকোসের হয়ে। বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার কাতালান রেডিও র্যাসিকে বলেন, ব্রাজিল বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় তিনি হতাশ হয়েছিলেন, ‘জাতীয় দলের ক্যারিয়ার এখানেই শেষ। এ ব্যাপারে এর আগে আমি কোনো সংবাদ সম্মেলন আয়োজন করেনি অথবা কাউকে কিছু বলিওনি। অনেক বেশি নিশ্চয়তার সঙ্গে প্রথমবারের মতো এটা আজ (বুধবার) বলছি যে, আমি আর জাতীয় দলে অংশগ্রহণ করবো না।’
এই ফ্রেঞ্চ ফুটবলার ২০০৭ সাল থেকে বার্সেলোনার হয়ে টানা ছয় মৌসুম খেলেছেন। ২০১১ সালের মার্চ মাসে তার যকৃতে নিউমার ধরা পড়ে। পরের বছরই যকৃত প্রতিস্থাপন করান তিনি। ফ্রান্সের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলেন গত নভেম্বরে ইউক্রেনের বিপক্ষে, বিশ্বকাপ বাছাই পর্বে।
বাছাই পর্বে খেললেও আবিদালকে বাদ দিয়েই ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এ ব্যাপারে এ ডিফেন্ডার বলেন, ‘কোচ আমাকে ডেকে বলেছিলেন, আমি বিশ্বকাপ দলের খেলোয়াড়দের তালিকায় নেই। এটা আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আমি বিশ্বকাপের মধ্যদিয়ে ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম। কিন্তু এই দরজা এখন বন্ধ।’ —এএফপি ও বিবিসি স্পোর্টস