এবার হেরাথের ভেলকি
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২১:৫৭
এই মাঠের সঙ্গে শেনওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের অনেক ঐতিহাসিক কৃতী থাকলেও মূলত ব্যাটসম্যানদের মাঠ বলেই তার পরিচিতি। বিশেষ করে গত পাঁচ বছরে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড একেবারে বোলারদের বধ্যভূমি হয়ে উঠেছে। মাহেলা জয়াবর্ধনের বিদায়ী টেস্ট বলে কিউরেটরদের ওপর নিশ্চয়ই এটাকে আরও ব্যাটিং সহায়ক করে তোলার পরামর্শ ছিল। কিন্তু শেষ পর্যন্ত এসএসসি ব্যাটসম্যানদের জন্যই বধ্যভূমি হয়ে উঠলো!
তবে এসএসসি স্পিনারদের, নাকি পেসারদের; তা নিয়ে ব্যাপক বিতর্ক চলতে পারে। অন্তত এই টেস্টে এখনও পর্যন্ত তার চরিত্র অনুধাবন করা কঠিন হয়ে পড়েছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হন্তারক ছিলেন পেসার জুনায়েদ খান ও ওয়াহাব রিয়াজ। বিপরীতে পাকিস্তানকে গতকাল দ্বিতীয় ইনিংসে হাবুডুবু খাওয়ালেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
হেরাথের ঘূর্ণি বলের সামনে পড়ে গতকাল দারুণ শুরুর পরও ২৪৪ রান তুলতে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। এর আগে ৩২০ রানে প্রথম ইনিংসে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।
আগের দিনের ৮ উইকেটে ২৬১ রান নিয়ে ব্যাট করতে নেমে সকাল বেলায় শ্রীলঙ্কান বোলাররা ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন। এই দুই উইকেট নিয়ে প্রায় ঘণ্টাখানেক উইকেটে কাটিয়ে দিয়ে ৫৯ রান যোগ করেন আরও। রেহমানের একমাত্র শিকার হিসেবে হেরাথের আউটের ভেতর দিয়ে শেষ হয় লঙ্কান ইনিংস। এই ক্যাচটি হাতে নেয়ার ভেতর দিয়ে পাকিস্তানের প্রথম ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচ নেন ইউনুস খান। এর আগেই ধাম্মিকা প্রসাদকে আউট করে ইনিংসে ৫ উইকেট শিকার সম্পন্ন করেন জুনায়েদ।
সেই কাজটা পাকিস্তানের ব্যাটিংয়ের সময় এসে করেছেন হেরাথ। তবে মঞ্চে হেরাথের আবির্ভাবের আগ পর্যন্ত দারুণ চলছিল পাকিস্তানের ইনিংস। প্রথম দুটি জুটিতে ৪৭ ও ৬৩ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল তারা। ২৩ রান করে খুররম মনজুর হেরাথের প্রথম শিকার হন। এরপরও আজহার আলীকে নিয়ে চলছিলেন আহমেদ শেহজাদ। ৩২ রান করা আজহারকে দ্বিতীয় শিকার হিসেবে ফেরান হেরাথ। আর এখান থেকেই বড় একটা ধসের সামনে পড়ে পাকিস্তান। ৫৮ রান করা শেহজাদকে আউট করেন দিলরুয়ান। ৩০ রানে ৪টি উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে পাকিস্তান।
আসাদ শফিক ও সরফরাজ আহমেদ অবশ্য এখান থেকে টেনে তোলার চেষ্টা করেছিলেন। ৯৩ রানের জুটি করে পথ দেখাচ্ছিলেন দলকে। কিন্তু ৪২ রান করা শফিককে বোল্ড করে হেরাথ নিজের ৫ উইকেট তো পূর্ণ করেনই, আবার পথহারা করে দেন পাকিস্তানকে।
দিনশেষে পাকিস্তানের ভরসা হয়ে উইকেটে আছেন ৬৬ রান করা সরফরাজ।
কলম্বো টেস্ট
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস:
৯৯.৩ ওভারে ৩২০/১০ (থারাঙ্গা ৯২, কুশল ৪১, সাঙ্গাকারা ২২, জয়াবর্ধনে ৪, ম্যাথুস ৩৯, থিরিমান্নে ২০, ডিকওয়ালা ২৪, দিলরুয়ান ০, ধাম্মিকা ১৩, হেরাথ ১৭, ওলেকেদেরা ২৭*; জুনায়েদ ৫/৬৯, ওয়াহাব ৩/৮৮, আব্দুর রেহমান ১/৫৩, আজমল ১/৭৭)।
পাকিস্তান ১ম ইনিংস:
৭০ ওভারে ২৪৪/৬ (খুররম ২৩, শেহজাদ ৫৮, আজহার ৩২, ইউনুস ১৩, মিসবাহ ৫, শফিক ৪২, সরফরাজ ব্যাটিং ৬৬, রেহমান ব্যাটিং ১; হেরাথ ৫/৯৮, দিলরুয়ান ১/৫২)।