ফাইনালে বার্বাডোসের প্রতিপক্ষ গায়ানা
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২১:৫৮
বর্তমান রানার্স-আপ গায়ানা আমাজন এবারো ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ফাইনাল নিশ্চিত করেছে। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে জ্যামাইকাকে তেলাওয়াসকে ১০ উইকেটে হারিয়ে শিরোপার চূড়ান্ত লড়াইয়ের টিকিট নিশ্চিত করে তারা। ফাইনালে গায়ানা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বার্বাডোস ট্রাইডেন্টসকে। ওয়ার্নার পার্কে সেন্ট কিটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ২টায় দল দুটি মুখোমুখি হবে।
ফাইনালের টিকিট পেতে প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনিদাদ ও টোবাগোকে হারানো জ্যামাইকা তেলাওয়াসের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে জয়ের কোনো বিকল্প ছিল না গায়ানার। ওয়ার্নার পার্কে কাজটা সহজেই সেড়েছে তারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রানেই থেমে যায় জ্যামাইকার ইনিংস। জবাবে দুই ওপেনিং ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও মার্টিন গাপটিলের ঝড়ো ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ১৪.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা। তারাই একমাত্র দল, যারা সিপিএলে ১০ উইকেটের জয় পেয়েছে! ৪৩ বলে ৭১ রান নিয়ে অপরাজিত থাকেন সিমন্স এবং ৪৬ বলে ৬৭ রান নিয়ে অপরাজিত থাকেন গাপটিল।