জিয়াউর রহমানের মদদেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় : হানিফ
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২২:০২
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমানের মদদেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়।
শুক্রবার রাজধানীর ওয়াপদা মিলনায়তনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । তিনি বলেন, জিয়া মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, এটা বঙ্গবন্ধু হত্যার পর প্রমাণ হয়েছে। তাঁর হত্যার পর জিয়া বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এখন একই পথে হাঁটছেন তাঁর স্ত্রী, দল ও সন্তানেরা।
বঙ্গবন্ধু হত্যার পেছনে বামদের উসকানি ছিল দাবি করে হানিফ বলেন, অনেক বাম সংগঠন ও এর নেতারা সে সময় বঙ্গবন্ধুর সমালোচনা করেছেন। তাঁর সরকারের বিরোধিতা করেছেন। আজকে তারা ভুল স্বীকার করে দিনরাত বঙ্গবন্ধুর গুণকীর্তন করছে।
পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক সুলতান আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রকৌশলী আফজালুর রহমান, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।